অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টার সময় ওমানের খাসাব বন্দরের উত্তরে দুটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাহিনীটি জানায়, মাইনের আঘাতে বিস্ফোরণের পর ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহন করা হচ্ছিল।
এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, বৃহস্পতিবার দুবাই থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্যাংকারের কাছে অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে বিস্ফোরণ ঘটে।
তবে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো এ অঞ্চলে জাহাজের ওপর হামলার ঘটনাকে প্রায়ই অজ্ঞাত বস্তুর আঘাত হিসেবে বর্ণনা করে। এসব সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে আইআরজিসির দাবির সব সময় মিল পাওয়া যায় না।
ইরান দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, সামুদ্রিক মাইনসহ বিভিন্ন নিরাপত্তাঝুঁকির কারণে তেহরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না।
বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি এবং ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালি বন্ধ রাখতে বাহিনী ভারী গোলাবর্ষণ চালাচ্ছে।
একই দিন আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে। এ জলপথে নিরাপদে চলাচলের বিষয়টি ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ওপর নির্ভর করছে।
এদিকে মার্কিন নৌবাহিনীর সহায়তা এবং উপসাগরীয় অঞ্চলের ট্যাংকার পরিচালকদের বাড়তি ঝুঁকি নেওয়ার প্রবণতায় হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কিছুটা পুনরুদ্ধার হচ্ছিল। তবে গত অক্টোবর থেকে এ কৌশলগত জলপথে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে নতুন আক্রমণাত্মক কৌশল প্রয়োগ করছে ইরান। এতে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
সূত্র: রয়টার্স, এএফপি।
এসএস