দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকা বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপিসহ পুরো সীমান্ত এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সরঞ্জামের সংখ্যা বাড়ানো হচ্ছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযান এবং এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ সুনামগঞ্জসহ সিলেট সীমান্তের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ আটক করা হয়েছে। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
একই সময়ে ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।
বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে স্থানীয় বাসিন্দারাও বিজিবিকে সহযোগিতা করছেন।
সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।
-এফএস