
ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাঁচজনকে ভারতে নিয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে। পরে তাদের ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে পরশুরাম দক্ষিণ বাজার ডাকবাংলা মোড়ে পুলিশের হাতে সিএনজিচালিত অটোরিকশাসহ ছয়জন আটক হন। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ভুক্তভোগী এবং একজন সিএনজিচালক।
পুলিশ সূত্রে জানা যায়, পাঁচজন বৈধ পথে ভারতে গেলেও প্রতারণার শিকার হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা হারান। পরে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাদের দেশে প্রবেশে সহযোগিতার অভিযোগে সিএনজিচালককেও আটক করা হয়।
পরবর্তীতে আটক ছয়জনকে পরশুরাম মডেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী (অশ্রু)/ টিআই