
গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান শ্রমিকদের স্বার্থ বিবেচনায় বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দোকানদারদের অতিরিক্ত মুনাফা আদায় না করারও অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এমপি মজিবুর রহমান বলেন, ‘কালিয়াকৈর, কোনাবাড়ী, কাশিমপুর ও বাসন এলাকায় বাড়ির মালিকেরা কোনো অবস্থাতেই বাড়িভাড়া বাড়াতে পারবেন না। শ্রমিকদের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘কোনো বাড়ির মালিক বাড়িভাড়া বৃদ্ধি করলে কিংবা কোনো দোকানদার অতিরিক্ত মুনাফা আদায় করলে সংশ্লিষ্ট থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রমিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাজীপুর-১ সংসদীয় এলাকার কালিয়াকৈরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। হাসপাতাল নির্মাণের জন্য জায়গা নির্ধারণে ইতিমধ্যে বিজিএমইএ ও সরকার কাজ করছে।
তিনি শ্রমিকদের উদ্দেশে আরও বলেন, ‘আপনারা কোনো গুজবে কান দেবেন না। শান্তিপূর্ণভাবে কাজ করুন। শ্রমিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।’
রফিক সরকার / টিআই