ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্বাধীনতার পর থেকেই বাংলাদেশকে প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে দিল্লি: রিজভী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম
X

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি দেশটিকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে রেখে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, ভাষা আন্দোলনের নেতা গোলাম আর টিপু এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কাছ থেকে কমরেড তোয়াহা সম্পর্কে অনেক গল্প শুনেছেন। তাঁরা তোয়াহার কয়েক বছরের জুনিয়র ছিলেন। ডাকসুর তৎকালীন প্রভাবশালী নেতা হিসেবে কমরেড তোয়াহার পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান- উভয় অংশেই ব্যাপক জনপ্রিয়তা ছিল।

১৯৪৮ সালে বাংলা ভাষার পক্ষে কমরেড তোয়াহার সাহসী ভূমিকার কথা উল্লেখ করে রিজভী বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সামনে দাঁড়িয়ে বাংলা ভাষার পক্ষে প্রতিবাদ জানানো সহজ ছিল না। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হওয়ার পরপরই রাষ্ট্রের প্রতিষ্ঠাতার সামনে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে অনেক সাহসের প্রয়োজন ছিল। কমরেড তোয়াহা সেই সাহস দেখিয়েছিলেন।

বামপন্থী রাজনীতির বিভক্তি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, একসময় দেশে মৌলিক রাজনৈতিক রূপান্তরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তাত্ত্বিক ও দার্শনিক বিতর্কের কারণে নেতাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। তাঁদের মধ্যে ঐক্য থাকলে সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হতে পারত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন, আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার এখনো ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফিরে আসার কথা বলেছেন। তাঁর অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছেন। অন্যদিকে, প্রতিবেশী দেশের নীতিনির্ধারকেরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে রেখে করদ রাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি। কমরেড তোয়াহা স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। তবে ১৯৭২ সাল থেকেই তাঁরা বুঝতে পেরেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও দিল্লি বাংলাদেশকে নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। তখন থেকেই তাঁরা আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানী ও কমরেড তোয়াহার মধ্যে মতপার্থক্য থাকলেও তাঁরা সবাই দেশপ্রেমিক ছিলেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বতন্ত্র সত্তা রক্ষা করতে চেয়েছেন। তাঁদের কাজ, বক্তব্য, সংগ্রাম ও ত্যাগ আজও সবাইকে অনুপ্রাণিত করে।

রিজভী বলেন, পূর্বসূরিদের দেওয়া শিক্ষা আত্মস্থ ও অনুশীলন করতে পারলে শত্রু-মিত্র চিহ্নিত করা সহজ হবে। একই সঙ্গে স্বাধীনতার পক্ষে আরও দৃঢ়ভাবে অবস্থান নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় সাধারণ সম্পাদক খান মো. নূরে আলম সঞ্চালনা করেন। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝