খুলনার কুখ্যাত সন্ত্রাসী চক্র ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ‘শুটার ইমরান’সহ তার চার সহযোগীকে ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার দেওয়ারা এলাকার রফিকুল ইসলামের ছেলে ইমরান ওরফে শুটার ইমরান (৪০), আইচগাতী এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান (২১), রাজাপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন (২০), বাহাপুর এলাকার মো. রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম (২১) এবং আইচগাতী এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার (১৯)।
এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ বলেন, গ্রেপ্তার ইমরান ও তার সহযোগীদের খুলনা আদালত চত্বরে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুন এবং রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য রয়েছে।
এ ছাড়া তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা খুলনা মহানগরীসহ জেলার রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় ‘বি-কোম্পানি’র হয়ে চাঁদাবাজি ও মাদক কারবার নিয়ন্ত্রণ করে আসছিল বলে জানায় এসআরবি।
অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের দেহ ও তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে জব্দ করা অস্ত্র ও গুলিসহ তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
-টিএস/সোহাগ