রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদ ফ্লাইওভারে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোহাম্মদ রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) দুপুরে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোববার দুপুর ১টার দিকে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা পৌনে ২টার দিকে রক্তাক্ত অবস্থায় রাজিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তিনি মারা যান।
রাজিবকে হাসপাতালে নিয়ে আসা রায়হান জানান, সায়দাবাদ হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত রাজিবের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শিকদারবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার আফতাব শিকদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় বসবাস করতেন রাজিব। পেশায় তিনি একটি সিএনজি পাম্পের কর্মচারী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রাজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এসএস