ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় কেয়ারের সহযোগিতা চাইলেন মন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেয়ারের জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর. মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, পরিচর্যা অর্থনীতি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু সুরক্ষায় বিদ্যমান আইন, সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি এবং প্রারম্ভিক বিকাশ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা, নতুন প্রকল্পে সহযোগিতা এবং প্রতিবন্ধী ব্যক্তি ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসন কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন তাঁরা।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, কেয়ার বাংলাদেশ একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠনসহ বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুকে অন্তর্ভুক্ত করেছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আরও জোরদার করতে পরিবারের নারী সদস্যদের প্রধান করে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এ কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ, সন্তানদের পড়াশোনা, পারিবারিক সবজি বাগান তৈরি এবং উদ্যোক্তা হওয়ার কাজে ব্যবহার করতে পারবেন।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। এখানে সমাজের প্রতিটি মানুষ সমান গুরুত্ব পাবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে।

বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরির উদ্যোগ তুলে ধরে মন্ত্রী জানান, প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সচেতনতা তৈরি হচ্ছে।

এ সময় কেয়ারের জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা আর্ল আর. মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বাংলাদেশে তাঁদের দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও চলমান বিভিন্ন কর্মসূচির সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

তাঁরা বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও অঙ্গীকারের প্রশংসা করেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝