ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে জেলার অভ্যন্তরীণ ও আন্তজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকেরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অনেকেই ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশায় কয়েক দফা যানবাহন পরিবর্তন করে গন্তব্যে যাচ্ছেন। এতে একদিকে যেমন সময় বেশি লাগছে, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

রোববার সকাল ১০টার দিকে শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, নওগাঁ থেকে রাজশাহীসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো রুটেই বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধভাবে বাস দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, বাসের অপেক্ষায় থাকা যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজে ছোটাছুটি করছেন।

সাপাহার উপজেলা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আদালতে মামলার শুনানিতে অংশ নিতে নওগাঁ শহরে আসেন মিজানুর রহমান। তিনি জানান, সকালে সাপাহার বাসস্ট্যান্ডে গিয়ে কোনো বাস পাননি। পরে তিন দফায় ব্যাটারিচালিত যানবাহন পরিবর্তন করে শহরে আসতে হয়েছে। এতে ১২০ টাকার ভাড়ার জায়গায় ২৫০ টাকা খরচ হয়েছে। সময়ও লেগেছে দ্বিগুণ।

এদিকে জরুরি কাজে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তাঁর অভিযোগ, শ্রমিকদের নিজেদের বিরোধের কারণে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে বারবার ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।


বাস চলাচল বন্ধের কারণ

ধর্মঘটের বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও অটোরিকশাচালকেরা তা মানছেন না। এতে মহাসড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তিনি জানান, বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

রফিকুল ইসলাম আরও বলেন, গত সেপ্টেম্বরে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিন দিন বাস ধর্মঘট চলে। পরে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে সেই সিদ্ধান্ত মানা হচ্ছে না বলে তাঁর অভিযোগ। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগও কার্যকর হয়নি বলে দাবি করেন তিনি।



বাস শ্রমিকদের বিরুদ্ধে অটোরিকশা মালিকদের অভিযোগ

অন্যদিকে বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।

তিনি বলেন, বাস মালিক ও শ্রমিকেরা নিজেদের দাবি আদায়ে সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করছেন। তাঁরা সড়কে অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছেন। গত সেপ্টেম্বরে প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ নাকচ করে শহিদুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের বৈঠকে নির্দিষ্ট সময়ে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল মাত্র। এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না। প্রস্তাবটি পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে সমাধানের কথা থাকলেও আর কোনো বৈঠক হয়নি।

এ কারণে সিদ্ধান্ত অমান্যের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।

বাস ও অটোরিকশা শ্রমিকদের এই বিরোধের মধ্যে নওগাঁর সব রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন সাধারণ যাত্রীরা।


 কেকেএইচ / এফএস  
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝