ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট: হাসান মাহমুদ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:০১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সপ্তাহে তিন দিন রাত ১০টা এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মার্কেটগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদি ঋণ দেবে সরকার।

আজ রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। পরে সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মার্কেট সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদে ঋণ দেওয়া হবে। প্যানেলের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এরপরও নিম্নমানের প্যানেল ব্যবহার করা হলে বিএসটিআই ও সংশ্লিষ্ট স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে।

বৈঠকে সারাদেশে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তুলে ধরে দোকান মালিক সমিতি। তাদের দাবি, বর্তমানে প্রতিদিন তিন থেকে পাঁচবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটছে। সাধারণ মানুষ একে লোডশেডিং মনে করলেও এটি মূলত বিদ্যুৎ বিভ্রাট। সমিতির হিসাব অনুযায়ী, একজন গ্রাহক বছরে গড়ে ১ হাজার ৯৫ বার এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ধরনের আবহাওয়ায় অবস্থিত থাইল্যান্ডে বছরে মাত্র একবার ৫ থেকে ৭ মিনিটের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বাংলাদেশের পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানালে মন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ভীতি ও অনাগ্রহের বিষয়টিও আলোচনায় আসে। সমিতির অভিযোগ, দুই হাজার টাকার কার্ড কিনে মিটারে রিচার্জ করার পর প্রদর্শিত অর্থের পরিমাণ অনেক কম থাকে। পিক আওয়ার, অফ-পিক আওয়ার, ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ বিভিন্ন খাতে অর্থ কেটে নেওয়া হয়। এ ছাড়া মিটার ভাড়া বাতিল করা হলেও সংশ্লিষ্ট পরিপত্র জারি না হওয়ায় এখনো গ্রাহকদের কাছ থেকে তা আদায় করা হচ্ছে।

এ পরিস্থিতিতে মোবাইল ফোনে রিচার্জের উদাহরণ দিয়ে সমিতির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, গ্রাহক মিটারে যে পরিমাণ অর্থ রিচার্জ করবেন, মিটারে যেন ঠিক সেই পরিমাণ অর্থই প্রদর্শিত হয়। অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয়ের প্রস্তাবও দেওয়া হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রী এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ফলে এখন থেকে মিটারে রিচার্জ করা সম্পূর্ণ অর্থই প্রদর্শিত হবে।

এ ছাড়া বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সার্ভিস লাইনের তার চুরির কারণে শত শত গ্রাহক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে বৈঠকে অভিযোগ করে সমিতি। এ ধরনের চুরি বন্ধে সংশ্লিষ্ট এলাকার নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলে মন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝