রাজধানীর বিমানবন্দর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় তার দুই ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে সন্ধ্যায় তিন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি ও এসবি প্রধান ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, বিমানবন্দর থানার ককটেল বিস্ফোরণের ঘটনাসহ রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা লোকজন জড়ো করা এবং অর্থের জোগান দিয়ে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার সময়ও নাশকতার উদ্দেশ্যে অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্রে তারা জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়।
শুনানির সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আসামিদের আদালতে তোলা হয়। তদন্ত কর্মকর্তা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে শায়লা ফারজানার পাঁচ দিন এবং তার দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কে ফ্লাইওভারের ওপর থেকে চলন্ত মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৩৫ জন পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা মো. ইউসুফ আলী, মো. শাখাওয়াত হোসেন, মো. নাছির উদ্দীন ও মো. আনিছুর রহমান আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ, লোহার স্প্লিন্টার এবং লাল ও সাদা কচটেপের টুকরা উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানায় মামলা করা হয়।
এদিকে, ডিবি পুলিশ রোববার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তার ভাই রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করে। পরে রাত ২টা ৪০ মিনিটে মিরপুরের বাসা থেকে অপর ভাই বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এসএস