চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার (ডিসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল আনা হয়।
সিএমপি কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সদস্যরা কাজ করছেন। প্রশাসনিক প্রয়োজনে এ রদবদল করা হয়েছে।
নতুন আদেশে সিএমপির পশ্চিম জোনের ডিসি আলমগীর হোসেনকে বন্দর জোনের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। বন্দর জোনের ডিসি আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি করা হয়েছে।
সিএমপিতে নতুন পদায়ন পাওয়া ডিসি আরেফিন জুয়েলকে নর্থ জোনের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি নিস্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক বন্দর জোনের ডিসির দায়িত্বও দেওয়া হয়েছে।
এ ছাড়া এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আবু বকর সিদ্দিককে পশ্চিম জোনের ডিসি এবং নর্থ জোনের ডিসি হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
-টিএস