ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেপ্তার ৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম
X

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক জাহিদ রহমানকে (২০) অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্‌ঘাটনের পাশাপাশি ছিনতাই করা অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা এবং গাড়িটির বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে পিবিআই গাজীপুর জেলা ইউনিটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইন্তাজ আলী ইন্তা (২৫), মো. হাবিবুল্লাহ (২৭), মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), মো. জাহাঙ্গীর ফকির (৪২) ও ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)। গত ২৭ নভেম্বর শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানায়, গত ২৫ নভেম্বর সন্ধ্যার পর জাহিদ তাঁর অটোরিকশা নিয়ে কাপাসিয়া থানার কেওয়া ঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে লতিফপুর-গোসিঙ্গার দিকে রওনা হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুর থানার সাভারচালা পশ্চিমপাড়া এলাকায় বন বিভাগের গজারী বাগানের জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর হাত-পা, মুখ ও গলা রশি দিয়ে বাঁধা ছিল।

এ ঘটনায় নিহতের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ২৭ নভেম্বর শ্রীপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অপহরণ, হত্যা ও আলামত গোপনের অভিযোগে মামলা করেন। পরদিন ২৮ নভেম্বর মামলাটির তদন্তভার পায় পিবিআই গাজীপুর জেলা ইউনিট।

তদন্তে জানা যায়, গ্রেপ্তার ইন্তাজ আলীর সঙ্গে জাহিদের আগে থেকেই পরিচয় ছিল। নগদ অর্থের প্রয়োজন মেটাতে ইন্তাজসহ অন্যরা জাহিদকে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইন্তাজ গজারী বন থেকে লাকড়ি আনার কথা বলে জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলো মোড়ে আসতে বলেন। অন্যদিকে, হত্যাকাণ্ডে ব্যবহারের জন্য আগে থেকেই দড়ি কিনে রাখেন হাবিবুল্লাহ।

পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ যাত্রী সেজে জাহিদের অটোরিকশায় ওঠেন। তাঁকে নিয়ে গজারী বনের ভেতরে যাওয়ার পর দড়ি দিয়ে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন তাঁরা। এরপর মরদেহ জঙ্গলে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

পরবর্তী সময়ে অটোরিকশাটি বিক্রির জন্য আলমের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহযোগিতায় অটোরিকশাটি বিক্রি করে পাওয়া টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেন।

পিবিআই আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অটোরিকশার পাঁচটি ব্যাটারি, তিনটি চাকা, দুটি লোহার পাতি, স্টিয়ারিংয়ের অংশ, ডিফেন্সার ও সিটকভারসহ বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ইন্তাজ আলী ইন্তা, হাবিবুল্লাহ ও জাহাঙ্গীর ফকির আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই গাজীপুর জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একজন চালককে হত্যার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পিবিআইয়ের পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝