ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজার সমুদ্রতীরে স্থাপনা নির্মাণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত
✎ বাসস
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কক্সবাজারের সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগের জারি করা প্রজ্ঞাপন বা গেজেট বাতিল করা হবে। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়নে প্রণীত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ চূড়ান্ত করে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনায় উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও সভার সিদ্ধান্তগুলো জানানো হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিব এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে।

তিনি বলেন, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই পর্যটনশিল্পের বিকাশের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

পরিবেশ সংরক্ষণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এবং হাইকোর্টের রায়ের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব এলাকা পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।

এ লক্ষ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয়ের বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত সারসংক্ষেপ জমা দেওয়া হবে। এর ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলোর সীমানা পুনর্নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সমুদ্রতীর থেকে পৌর এলাকায় ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপন বা গেজেট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানে সব বিষয় সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হবে। মাস্টারপ্ল্যান অনুমোদনের পর সে অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।

তবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপ দুটিতে পরিবেশের ক্ষতি না করে কেবল পরিবেশবান্ধব পর্যটন বা ইকো-ট্যুরিজমের সুযোগ তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

মহেশখালীতে চলমান মেগা প্রকল্প প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে পাওয়ার হাব ও টার্মিনালসহ বড় অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে। এসব প্রকল্প দেশের অর্থনীতি ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হবে।

উন্নয়ন কার্যক্রমে দ্বৈততা বা সমন্বয়হীনতা এড়াতে মিডার সঙ্গে সমন্বয় রেখেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি পর্যটক কক্সবাজারে আসবেন বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝