এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তাঝুঁকির মুখে রয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক বৈশ্বিক জরিপে দেখা গেছে, গত এক বছরে এ অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে কর্মরত ৮৭ শতাংশ আইটি ও আইটি নিরাপত্তা পেশাজীবী অন্তত একটি সাইবার নিরাপত্তা ঘটনার কথা জানিয়েছেন।
জরিপ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে চালানো হামলায় (১০ শতাংশ)। এ ছাড়া ব্যাপক পরিসরে ম্যালওয়্যার ছড়ানোর ঘটনা এবং এক্সটার্নাল রিমোট অ্যাকসেস কাজে লাগিয়ে চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ শতাংশ করে প্রতিষ্ঠান।
সাইবার হামলার ফলে ২৫ শতাংশ প্রতিষ্ঠানের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এ ছাড়া ২৩ শতাংশ প্রতিষ্ঠানের গ্রাহকসেবামূলক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং একই হারে কর্মীদের তথ্য চুরির ঘটনা ঘটেছে। আর্থিক ক্ষতির মুখে পড়েছে ২১ শতাংশ প্রতিষ্ঠান। একই হারে প্রতিষ্ঠানগুলো এমন তথ্য হারিয়েছে, যা আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।
সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য ছিল গ্রাহকদের ব্যক্তিগত তথ্য (৩৪ শতাংশ), প্রতিষ্ঠানের সংবেদনশীল অভ্যন্তরীণ তথ্য (৩১ শতাংশ) এবং কর্মীদের তথ্য (২৭ শতাংশ)। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাইবার ঝুঁকিতে ছিল আইটি নিরাপত্তা বিভাগ (৫২ শতাংশ) ও আইটি বিভাগ (৫১ শতাংশ)। এরপর রয়েছে গ্রাহকসেবা বিভাগ (২২ শতাংশ) এবং অর্থ বিভাগ (২০ শতাংশ)।
এ ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। এর মধ্যে রয়েছে আইটি নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ, ক্লাউড নিরাপত্তা বাড়ানো এবং তৃতীয় পক্ষের নিরাপত্তাবিধি মেনে চলা নিশ্চিত করা। জরিপে এসব উদ্যোগের প্রতিটির কথা জানিয়েছে ২৪ শতাংশ প্রতিষ্ঠান। পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণ, কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের নিরাপত্তা জোরদার, পাসওয়ার্ড নীতিমালা সংশোধন এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালুর কথা জানিয়েছে ২২ শতাংশ প্রতিষ্ঠান।
ক্যাসপারস্কির ইউনিফায়েড প্ল্যাটফর্ম প্রোডাক্ট লাইন বিভাগের প্রধান ইলিয়া মার্কেলভ বলেন, “বড় প্রতিষ্ঠানের আলোচিত সাইবার হামলার তুলনায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের ঘটনার পরিণতি অনেক বেশি ভয়াবহ হতে পারে। সীমিত সম্পদ নিয়ে পরিচালিত এসব প্রতিষ্ঠানের জন্য একটি সাইবার হামলা কখনো কখনো ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখাকেই কঠিন করে তুলতে পারে। বিভিন্ন ধরনের সাইবার হুমকি, পরিচালনাগত সীমাবদ্ধতা এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য বিবেচনায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য সহজে সম্প্রসারণযোগ্য এবং তাদের প্রয়োজন অনুযায়ী তৈরি নিরাপত্তাব্যবস্থা জরুরি। এ ধরনের প্রতিষ্ঠানের জন্য আমাদের অন্যতম প্রধান সমাধান ক্যাসপারস্কি নেক্সট অপটিমাম। এটি ক্রমবর্ধমান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষজ্ঞ সহায়তাসম্পন্ন ও নমনীয় নিরাপত্তাব্যবস্থা সহজলভ্য করে। নতুন কাস্টমাইজযোগ্য সিকিউরিটি মডিউল যুক্ত করে ব্যবহারকারীরা মূল পণ্যের সক্ষমতা আরও বাড়াতে পারবেন এবং প্রয়োজন ও চ্যালেঞ্জের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে পারবেন।”
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ক্যাসপারস্কির ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া বলেন, “আমাদের গবেষণায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনে ক্রমবর্ধমান জটিল ও বৈচিত্র্যময় সাইবার হুমকির চিত্র উঠে এসেছে। এটি সাইবার হামলা মোকাবিলায় প্রতিষ্ঠানের সক্ষমতা বা সাইবার রেজিলিয়েন্স গড়ে তোলার গুরুত্ব আরও স্পষ্ট করেছে। বাজারভেদে হামলার ধরন ও ঝুঁকি আলাদা হতে পারে। সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগানো, ফিশিং কিংবা ব্যাপক পরিসরে ম্যালওয়্যার ছড়ানোর মতো বিভিন্ন পদ্ধতিতে হামলা চালানো হচ্ছে। তবে এসব হামলার প্রভাব পুরো ব্যবসায় পড়তে পারে। একটি সাইবার হামলাতেই সংবেদনশীল তথ্য বেহাত হতে পারে, দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হতে পারে এবং গ্রাহকদের আস্থা নষ্ট হতে পারে। তাই সাইবার নিরাপত্তা শুধু আইটি বিভাগের দায়িত্ব নয়। এসব ঝুঁকি মোকাবিলায় প্রয়োজন উপযুক্ত প্রযুক্তি, কর্মীদের নিরাপত্তা সচেতনতা এবং প্রতিষ্ঠানের প্রতিটি কাজের অংশ হিসেবে নিয়মিত সাইবার নিরাপত্তা চর্চা।”
সাইবার হুমকি প্রতিরোধ ও মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে ক্যাসপারস্কি নেক্সট অপটিমাম এবং স্মল অফিস সিকিউরিটি প্রিমিয়ামের মতো নিরাপত্তা সমাধান ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিভিন্ন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, প্রতিদিন তথ্যের ব্যাকআপ রাখা, সফটওয়্যার ব্যবহারের আগে অনুমোদন নিশ্চিত করা এবং কর্মীদের নিয়মিত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে ক্যাসপারস্কি। এসব পদক্ষেপ কর্মীদের অসতর্কতাজনিত নিরাপত্তাঝুঁকি কমাতেও সহায়তা করবে।
-টিএস