ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রথমবার ফাইভ-এ-সাইড হকি বিশ্বকাপে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

হকির সংক্ষিপ্ত ও দ্রুতগতির সংস্করণ ফাইভ-এ-সাইডের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর মিসরের কায়রোতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৮ ফাইভ-এ-সাইড বিশ্বকাপের প্রথম আসর। টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৬ ডিসেম্বর দেশ ছাড়বে বাংলাদেশের যুব দল।

প্রচলিত হকিতে দুই দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে নামলেও ফাইভ-এ-সাইডে খেলেন পাঁচজন করে। এর মধ্যে চারজন মাঠের খেলোয়াড় এবং একজন গোলরক্ষক। ছোট মাঠে ২০ মিনিটের এই খেলায় চারপাশে বাউন্ডারি বোর্ড থাকায় বল মাঠের বাইরে যাওয়ার সুযোগ নেই। ম্যাচে বিরতিও মাত্র দুই মিনিট।

২০১৪ সালে চীনের নানঝিংয়ে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসের মাধ্যমে হকির এই নতুন সংস্করণের যাত্রা শুরু হয়। পরে ২০২৪ সালে ওমানের মাস্কটে সিনিয়র পর্যায়ে প্রথম ফাইভ-এ-সাইড বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। তুলনামূলক কম সময়ে বেশি গোলের সুযোগ তৈরি হওয়ায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকায় এই সংস্করণকে হকির টি-টোয়েন্টিও বলা হয়।

১২ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, চিলি ও সুইজারল্যান্ড। আগামী ৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশের যুবারা।

গত জুলাইয়ে ওমানে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে বাছাইপর্বে অংশ নেওয়া ছাড়া এই সংস্করণে খেলার আর কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশের। ফলে বিশ্বকাপকে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্য তুলে ধরার সুযোগ হিসেবে দেখছে দলটি।

দলের প্রধান কোচ শেখ মোহাম্মদ নান্নু বলেন, এই সংস্করণে বাংলাদেশের আগে খেলার অভিজ্ঞতা নেই। নতুন করে শুরু করায় দলও অভিজ্ঞতা অর্জন করছে। বিশ্বকাপে শেখার পাশাপাশি যতটা ভালো করা সম্ভব, সেই চেষ্টা থাকবে বলে জানান তিনি।

বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের বাজেট ধরা হয়েছে ৬০ লাখ টাকা। ভবিষ্যতের কথা বিবেচনা করে ফাইভ-এ-সাইড সংস্করণের জন্য আলাদা দল গঠনের পরিকল্পনাও করছে ফেডারেশন।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝