টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই ফরম্যাটে সুখস্মৃতি এখনও তরতাজা। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্য থেকেই অনুপ্রেরণা খুঁজছে দল, জানালেন পেসার তাসকিন আহমেদ।
আগের সিরিজের সাফল্য থেকে প্রেরণা নেওয়ার বিষয়ে রোববার তাসকিন বলেন, ‘ইনশাআল্লাহ, আশাবাদী। অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। ওয়ানডেতে আমাদের যে বোলিং লাইনআপ আছে, অতীতেও ভালো করেছে। এখনও ভালো করবে, এই আশা করছি। যখন একটু হার আসতে থাকে, মানসিকভাবে সবাই একটু ভেঙে পড়ে। তবে আমার বিশ্বাস, প্রথম ম্যাচ ভালোভাবেই শুরু করব।’
ব্যাটিংয়ে কৌশলগত জ্ঞানের উন্নতি নিয়ে তাসকিন বলেন, ‘সেটা নিয়ে অবশ্যই কাজ হচ্ছে। গত বেশ কিছু ম্যাচে আমরা চাপের মুখে ধসে পড়েছিলাম। কিছু ম্যাচে ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে ভালোভাবে কাজ করা হচ্ছে। আশা করি, দ্রুত মাঠে এগুলোর প্রতিফলন আসবে ইনশাআল্লাহ। যারা মূলত ব্যাটার, তারাও তো কেউ ইচ্ছা করে ব্যর্থ হতে চায় না। যখন ব্যর্থ হয়েছে, কাজ করে যাচ্ছে। আশা করি, এই সিরিজ থেকে ভালো করা শুরু হবে ইনশাআল্লাহ।’
ফিল্ডিংয়ের ভুলত্রুটি নিয়েও কথা বলেন এই পেসার। তিনি বলেন, ‘ক্যাচ ড্রপ আসলেই সুখকর নয়, আমার বলে হোক বা যার বলেই হোক। আশা করছি, এই ভুলগুলো হবে না। সাদা বল, সীমিত ওভার। ভুল হলে মাশুল গুনতে হতে পারে। আশা করছি, সব ভালো দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ।’
২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তাসকিন।
-টিএস