ডব্লিউডব্লিউইর রিংয়ে আর দেখা যাবে না ব্রনসন রিডকে। মাত্র ৩৮ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় এই অস্ট্রেলিয়ান রেসলার। তার আসল নাম জারমেইন হ্যালি। শুক্রবার (২৭ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্বখ্যাত রেসলিং সংস্থা ডব্লিউডব্লিউই।
শনিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ব্রনসন রিডের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ডব্লিউডব্লিউই। বিভিন্ন প্রতিবেদনে চিকিৎসাজনিত জটিলতার কথা উঠে এসেছে।
গত ৭ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউইর ‘ক্রাউন জুয়েল’ ইভেন্টে অংশ নিয়েছিলেন রিড। সেখানে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে হস্তক্ষেপ করেন তিনি। একপর্যায়ে নাইজেরিয়ান রেসলার ওবা ফেমি তাকে মঞ্চের প্রবেশপথ থেকে তুলে একটি টেবিলের ওপর আছড়ে ফেলেন।
ওই ঘটনার পর রিডের পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চিকিৎসার জন্য সৌদি আরবে অবস্থান করার পর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। সেখানে চলছিল তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া।
তবে ওবা ফেমির সঙ্গে ওই সংঘর্ষের কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ডব্লিউডব্লিউইও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
শোকবার্তায় ডব্লিউডব্লিউই জানায়, রিড ছিলেন রিংয়ের বাইরে ও ভেতরে অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তিনি ছিলেন পরিবারের প্রতি নিবেদিত একজন মানুষ এবং সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয়। তার মৃত্যুতে পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ৪০ বছর বয়সে মারা যান আরেক রেসলার বেঞ্জামিন স্যাটারলি। ডব্লিউডব্লিউইতে তিনি নেভিল এবং অল এলিট রেসলিংয়ে প্যাক নামে পরিচিত ছিলেন।
এফএস