প্রথম চার ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। শুরুতেই ৩২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। তবে মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় ১৮১ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে সফরকারীরা। জবাবে মিচেল মার্শের দুর্দান্ত সেঞ্চুরির পরও শেষ ওভারের নাটকীয়তায় ৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে নিশ্চিত করেছে ইংল্যান্ড।
রোববার (২৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। ইনিংসের চতুর্থ ওভারেই ২৮ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। চতুর্থ উইকেটের পতন ঘটে ৩২ রানে। ফিল সল্ট ৭, অ্যানিউরিন ডোনাল্ড ৭, অধিনায়ক হ্যারি ব্রুক ৯ ও টম ব্যান্টন করেন ৩ রান।
এরপর জর্ডান কক্স ও জেমস কোলস দলের হাল ধরেন। পঞ্চম উইকেটে তারা ৪৪ রানের জুটি গড়েন। কক্স ১৯ বলে ২৩ রান করে ফিরলেও কোলস ২৯ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেলেন। ১৩.১ ওভারে ৯৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান স্যাম কারান ও লিয়াম ডসন।
সপ্তম উইকেটে ৩৭ বলে ৫৪ রান যোগ করেন তারা। ডসন ১৪ বলে ২৩ রান করে ফিরলেও কারান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ২৮ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫০ রান করেন তিনি। শেষ দিকে জেমি ওভারটন মাত্র ৯ বলে ৩ ছক্কায় অপরাজিত ২০ রান যোগ করলে ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৬৭ রান তুলে ম্যাচে ভালো অবস্থান তৈরি করে অস্ট্রেলিয়া। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এক পর্যায়ে ১২.৫ ওভারে ১১১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।
অন্যদিকে একপ্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। পরে আদিল রশিদ ও স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি কিছুটা কমে আসে। তবে ১৭তম ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেন মার্শ।
১৮তম ওভারে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অস্ট্রেলীয় অধিনায়ক। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। জেমি ওভারটনের করা ১৯তম ওভারে ১৮ রান তুলে সমীকরণ নামিয়ে আনেন মার্শ। ফলে শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন দাঁড়ায় ১২ রান।
বল হাতে নেন হেনরি ক্রোকোম্বে। প্রথম দুই বলে এক রান করে নেন জ্যাক এডওয়ার্ডস ও মার্শ। তৃতীয় বলে চার মারার চেষ্টা করলেও ফিল্ডারের তৎপরতায় এক রানের বেশি নিতে পারেননি এডওয়ার্ডস। চতুর্থ বলে ক্রোকোম্বের বাউন্সারে বড় শট খেলতে গিয়ে উইকেটরক্ষক জর্ডান কক্সের গ্লাভসে ধরা পড়েন মার্শ। ৫৭ বলে ৯টি চার ও ৯টি ছক্কায় ১১৯ রানের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে তার।
পরের বলেই জোয়েল ডেভিসকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার জয়ের আশা শেষ করে দেন ক্রোকোম্বে। শেষ বলে এক রান নিলে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ফলে ৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের হয়ে হেনরি ক্রোকোম্বে ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া স্যাম কারান, লিয়াম ডসন ও জেমি ওভারটন একটি করে উইকেট পান।
ম্যাচসেরাও নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে তার ১১৯ রানের ইনিংস দলকে হার থেকে রক্ষা করতে পারেনি।
এসএস