দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের জন্য সব সময়ই কঠিন চ্যালেঞ্জ। তবে ২০২২ সালে স্বাগতিকদের বিপক্ষে তাদেরই মাঠে ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি রয়েছে টাইগারদের। সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান পেসার তাসকিন আহমেদ। তবে অতীতের অর্জনে নির্ভর না করে নতুন সিরিজে ভালো ক্রিকেট খেলে জয় দিয়ে শুরু করাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাসকিন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন সিরিজসেরার পুরস্কারও।
আগের সিরিজের স্মৃতি নিয়ে তাসকিন বলেন, ‘লাস্ট টাইমের স্মৃতিটা দারুণ। বাট স্মৃতি তো আসলে স্মৃতিই রয়ে যায়। বর্তমানেরটা আসলে ওই দিন মাঠে, পার্টিকুলার ডেতে ভালো ক্রিকেট খেলেই জিততে হবে।’
সিরিজের প্রথম ম্যাচে জয় পরের ম্যাচগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন এই পেসার। তার ভাষায়, ‘প্রত্যেকটা সিরিজের ফার্স্ট ম্যাচ অনেক ইম্পর্ট্যান্ট। যদি ভালো জয় দিয়ে শুরু হয়ে যায়, তখন আসলে যেহেতু এটা টিম গেম, ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স তো আছেই। টিম রেজাল্ট না করলে আসলে কোনো লাভ হয় না। লক্ষ্য থাকবে একটাই, কীভাবে দল জিততে পারে। জেতার ক্ষেত্রে আমার যে কন্ট্রিবিউশনই কাজে লাগে, সেটা করতে চাই।’
এদিকে টেস্ট সিরিজের ব্যর্থতা কাটিয়ে ওয়ানডেতে ভালো করার প্রত্যাশা দলের। বিশেষ করে ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন তাসকিন। চাপের মুখে দ্রুত উইকেট হারানো এবং পুরো ৫০ ওভার ব্যাটিং করতে না পারার সমস্যাগুলো সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।
তাসকিন বলেন, ‘লাস্ট বেশ কিছু ম্যাচেই আমরা আন্ডার প্রেসারে কলাপস করেছি। অনেক ম্যাচে হয়তো পুরো ৫০ ওভার ব্যাটিংও করা হয়নি। সেগুলো নিয়ে দারুণভাবে কাজ করা হচ্ছে। আশা করছি, এগুলোর প্রতিফলন খুব দ্রুতই মাঠেও আসবে।’
দলের ব্যাটারদের নিয়েও আশাবাদী এই পেসার। তিনি বলেন, ‘আমাদের দলের মূল ব্যাটাররাও কেউ ইচ্ছা করে ফেল করতে চায় না। যখনই ফেল হয়েছে, তারা সেটা নিয়ে কাজ করে যাচ্ছে। আশা করছি, এই সিরিজ থেকেই ভালোটা শুরু হবে।’
নিজের ভূমিকা নিয়েও স্পষ্ট ধারণা রয়েছে তাসকিনের। ব্যাটিংয়ের চেয়ে বল হাতেই দলের জয়ে বেশি অবদান রাখতে চান তিনি। তবে প্রয়োজনে ব্যাট হাতেও শেষ দিকে কিছু রান যোগ করতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেইনলি তো আমি বোলারই, বল হাতেই। আর ব্যাট হাতে শেষের দিকে যদি পাঁচ-দশটা রান দলের প্রয়োজন হয়, সেটা করতে পারি—এটাই।’
এ ছাড়া টেস্ট সিরিজে বাংলাদেশের ফিল্ডিংয়ে ক্যাচ মিসের সমস্যাও ছিল। ওয়ানডে ক্রিকেটে এ ধরনের ভুলের কারণে বড় মূল্য দিতে হতে পারে বলে মনে করেন তাসকিন। তাই আসন্ন সিরিজে ফিল্ডিংয়ে বাড়তি সতর্কতা ও উন্নতির ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি।
সব মিলিয়ে টেস্ট সিরিজের হতাশা পেছনে ফেলে ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলে জয় দিয়ে সিরিজ শুরু করতে চান বাংলাদেশের এই পেসার।
এসএস