জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশের সীমান্তে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে সভা-সমাবেশ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একই সঙ্গে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি বা নবায়ন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক বিক্ষোভ-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের নদ-নদী নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে। নতুন কোনো চুক্তি হবে কি না কিংবা বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
পানিসম্পদমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রী দুটি চিঠি পাঠিয়েও কোনো জবাব পাননি বলে জানিয়েছেন। নাহিদ ইসলামের অভিযোগ, এর মাধ্যমে পদ্মাপাড়ের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনাও করছে ভারত।
বিএনপি সরকারের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গত আট মাসে সরকার বিচার কার্যক্রম স্থবির করে রেখেছিল। নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি জয়ী হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আওয়ামী লীগের অর্থ ও ভোটব্যাংক কাজে লাগিয়ে বিএনপি নির্বাচনে জিতেছে। এখন আওয়ামী লীগের সঙ্গে তাদের গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় জাতীয় ঐক্যের কথা বলছে দলটি।
নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে কিংবা ৫ আগস্টের পর বিএনপির কাছে জাতীয় ঐক্যের উদ্যোগ দেখা যায়নি। তাঁর অভিযোগ, বিএনপি বারবার জাতীয় ঐক্য নষ্ট করেছে।
বিএনপির নেতৃত্বে কোনো আন্দোলন সফল হবে না মন্তব্য করে তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি ব্যর্থ হয়েছে। সরকারে থেকেও দলটি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এমনকি ক্ষমতাসীন দলের সংসদ সদস্যও গোপালগঞ্জে যেতে পারছেন না। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা প্রকাশ পেয়েছে বলে দাবি করেন তিনি।
দেশের সংস্কার বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে আবারও ছাত্র, তরুণ, শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ দেশে রাজনীতি করার সুযোগ হারিয়েছে। বিএনপির আপসকামিতার সুযোগ নিয়ে দলটি আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করলে তা ভুল হবে। ভারতসহ বিশ্বের কোনো পরাশক্তি আওয়ামী লীগের পাশে থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আর রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি।
এর আগে রাজশাহী নগরীর আলুপট্টির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। মিছিলটি সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এনসিপির রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।
এসএস