নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে পরিবারের নারী সদস্যদের প্রধান করে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ, সন্তানদের পড়াশোনার খরচ মেটানো, সবজি বাগান তৈরি এবং উদ্যোক্তা হওয়ার কাজে ব্যবহার করতে পারবেন।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ারের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে কেয়ারের জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর মিলার এবং কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস উপস্থিত ছিলেন। এ সময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমও উপস্থিত ছিলেন।
বৈঠকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কেয়ার ইকোনমি, নারী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন, নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত মা ও শিশুর পুষ্টি, প্রারম্ভিক বিকাশ, প্রান্তিক নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সুরক্ষা এবং প্রতিবন্ধী ও অবহেলিত জনগোষ্ঠীর পুনর্বাসনে সহযোগিতার বিষয়েও মতবিনিময় করেন তারা।
মন্ত্রী বলেন, সরকার সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নারী ও শিশুর অংশগ্রহণ নিশ্চিত করছে। নারীদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে পরিবারের নারী সদস্যদের প্রধান করে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা পরিবারের আর্থিক চাহিদা পূরণের পাশাপাশি নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব মানুষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার। এ ব্যবস্থায় প্রত্যেক নাগরিক সমান গুরুত্ব পাবেন। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে।
বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে কিশোর-কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে কাজ করা হচ্ছে।
সাক্ষাতে কেয়ারকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন জাহিদ হোসেন। স্বাধীনতার পর বাংলাদেশের পুনর্গঠনসহ বিভিন্ন সময়ে সংস্থাটির উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন ও কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অন্যদিকে, আর্ল আর মিলার ও রাম দাস বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং কেয়ারের চলমান কর্মসূচিগুলোর সামাজিক প্রভাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ ও অঙ্গীকারের প্রশংসা করেন তারা।
এসএস