ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রথমবার ইউএনও সম্মেলন, ১ ডিসেম্বর ঢাকায় আসছেন ৫০৩ কর্মকর্তা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের ৫০৩ জন ইউএনও এবং আট বিভাগের আটজন বিভাগীয় কমিশনার অংশ নেবেন।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও ইউএনওদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মেলন এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইউএনওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতিগত অগ্রাধিকার ও বাস্তবায়নসংক্রান্ত নির্দেশনা তুলে ধরার পাশাপাশি মাঠপর্যায়ের সমস্যা ও চ্যালেঞ্জ জানার সুযোগ তৈরি হবে এ সম্মেলনে।

সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন। তারা উপজেলা পর্যায়ে চলমান কর্মসূচি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবা সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইউএনওদের সঙ্গে মতবিনিময় করবেন।

দিনব্যাপী অধিবেশনে মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে। আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

এসব ক্ষেত্রে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং সেগুলোর কার্যকর সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হবে।

কর্ম অধিবেশনে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন।

এ সময় সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের দিকনির্দেশনা দেবেন। একই সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার কথাও শুনবেন তারা।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নেও সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। উপজেলা পর্যায়ে উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, সরকারি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং জনগণের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে ইউএনওদের নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি মাঠ প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে। এ পর্বে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হবে। পরে দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে।

এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রশাসনিক সমস্যা, জনসেবা নিশ্চিত করার চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বাস্তব চিত্র তুলে ধরার সুযোগ পাবেন কর্মকর্তারা।

সম্মেলনে দেশের ২০ জন শ্রেষ্ঠ ইউএনওকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে তাদের মনোনীত করা হবে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জনকে নির্বাচিত করা হবে। প্রধানমন্ত্রী তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন।

এ ছাড়া প্রতিটি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বলেন, এ সম্মেলন মূলত ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন।

তিনি আরও বলেন, একই সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায় উপজেলা পর্যায়ের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

সংশ্লিষ্টদের মতে, প্রথমবারের মতো ইউএনওদের নিয়ে এ ধরনের সম্মেলন মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের যোগাযোগ ও সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ত্বরান্বিত করা, প্রশাসনিক জবাবদিহি বৃদ্ধি এবং নাগরিক সেবার মান উন্নয়নে নতুন দিকনির্দেশনা আসতে পারে।

এসএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝