হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের একটি বন্দর এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। রোববার এ সতর্কতা জারি করা হয়। এর জবাবে সৌদি আরবের একাধিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান-সমর্থিত হুতিরা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকবার এ ধরনের সতর্কতা জারি করেছে জোট। সম্ভাব্য হামলার আগে হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকার বেসামরিক নাগরিকদের সরে যেতে এসব সতর্কবার্তা দেওয়া হচ্ছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাস ইসা বন্দরের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে মানচিত্রে দেখানো রাস ইসা বন্দর এলাকা খালি করার আহ্বান জানাচ্ছে।’
এর কয়েক মিনিট পরই লোহিত সাগর উপকূলে জেদ্দাসহ সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা হামলার হুমকি দেয় হুতিরা।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক্সে লেখেন, ‘সশস্ত্র বাহিনী ঘোষণা করছে, জেদ্দা বন্দর এবং লোহিত সাগর উপকূলে সৌদি আরবের সব বন্দর আমাদের বাহিনীর লক্ষ্যবস্তু হবে।’ একই সঙ্গে তিনি বন্দরগুলো অবিলম্বে খালি করার আহ্বান জানান।
সৌদি নেতৃত্বাধীন জোটের সতর্কবার্তা জারির আগে রিয়াদ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। জোটের দাবি, ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় হামলার জবাবে হুতিরা প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
-টিএস