কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিন নারায়ণগঞ্জে তেমন কোনো প্রভাব পড়েনি। রোববার সকাল থেকেই জেলার সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। একই সঙ্গে চালু রয়েছে বিভিন্ন শিল্পকারখানা এবং খোলা রয়েছে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। জেলার বিভিন্ন এলাকায় কর্মজীবী মানুষ ও সাধারণ জনগণকে নিয়মিতভাবে চলাচল করতে দেখা যায়। কোথাও লকডাউন ঘিরে বড় ধরনের কোনো বিঘ্নের খবর পাওয়া যায়নি।
নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে বিজিবি, এসআরবি, পুলিশ ও আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলার নিরাপত্তায় বর্তমানে সাত প্লাটুন বিজিবি, চার প্লাটুন আনসার এবং সহস্রাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।
স্বাভাবিক জনজীবন, চালু শিল্পকারখানা
সাধারণ মানুষ ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচির কারণে নারায়ণগঞ্জে যান চলাচল কিংবা দৈনন্দিন কার্যক্রমে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। সড়কে গণপরিবহন ও অন্যান্য যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে।
তাঁরা জানান, জেলার শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও খোলা রয়েছে।
সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রথম দিন নারায়ণগঞ্জে স্বাভাবিক রয়েছে সড়ক যোগাযোগ, শিল্পকারখানার কার্যক্রম ও জনজীবন।
শরীফ সুমন / এফএস