পাবনার চাটমোহর উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ভাদড়া বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাটমোহর উপজেলার শুকুরভাঙ্গা গ্রামের অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) ও মহেলা গ্রামের কৃষক নজরুল হোসেন (৭০)। আহত হাফিজুল ইসলাম (৪০) ও মোজাম আলী (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ভোরে আব্দুল মমিনের অটোভ্যানে করে কৃষক নজরুল হোসেনসহ কয়েকজন অমৃতকুণ্ডা হাটে যাচ্ছিলেন। পথে মথুরাপুর ভাদড়া বাইপাস মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এফএস