চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন, নাইটভিশন লাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলামিন অপু।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অধিনায়ক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোনো অপশক্তি যাতে দেশে নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য বিজিবি নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি অতিরিক্ত জনবলও মোতায়েন করা হয়েছে।
আলামিন অপু আরও বলেন, বিশেষ নজরদারির অংশ হিসেবে শিবগঞ্জে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধোবড়া গ্রামে অভিযান চালিয়ে ককটেলসহ ওই গ্রামের লুতফল হকের ছেলে আমিনুল ইসলামকে আটক করা হয়।
-টিএস