নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্রেপ্তারি পরোয়ানার তথ্য সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারিদের হাতে খুন হয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় কনস্টেবল আনোয়ারের সঙ্গ ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ক্লোজ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।
এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাসেমবাগ এলাকায় কনস্টেবল আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই সময় পর্যন্ত কোনো মামলাও হয়নি। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছে। ময়নাতদন্ত শেষে আনোয়ারের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা।
রোববার রাতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হাসেমবাগ এলাকায় যান কনস্টেবল আনোয়ার মোল্লা ও এএসআই আব্দুস সাত্তার। এ সময় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একটি দলের সদস্যরা তাঁদের চিনে ফেলেন। পরে আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণে রক্ষা পান।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে আনোয়ারের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। নিহতের বড় ভাই শাহাবুদ্দিন বলেন, ‘আনোয়ার সবার আদরের ছিল। তাঁর এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাঁর স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। তাদের কী হবে?’
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। সেগুলো বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
এদিকে গত নয় মাসে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর অন্তত এক ডজন হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক সদস্য আহত হয়েছেন, ছিনিয়ে নেওয়া হয়েছে আসামি, এমনকি লুট হয়েছে পুলিশের অস্ত্রও।
এসএস/আরএন