ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, অতঃপর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের কালীগঞ্জ হয়ে যশোরে যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। পরে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব করেন প্রসূতি। তবে বাঁচানো যায়নি নবজাতককে। সেখানেই মৃত্যু হয় তার। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জের সিংদহ (বাগমারা বাজার) এলাকায়।


ওই সময় ডাকাতরা অ্যাম্বুলেন্সে থাকা ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নগদ এক লাখ টাকা, স্বর্ণের চেইনসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।


শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা জেলা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো আটকদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


চুয়াডাঙ্গা জেলা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা ও চুয়াডাঙ্গা ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী আফসারা তাসনীম ডা. নোমানের স্ত্রী।


ডা. আবদুল্লাহ আল নোমান বলেন, আমার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। হঠাৎ ব্যথা অনুভব করলে শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার নারদিতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। এরপার ব্যথা বেশি অনুভব করলে ওইদিনই মধ্যরাতে যশোর আদ-দ্বীন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হই। রাত দেড়টার দিকে জীবননগর-কালীগঞ্জ সড়কের গান্না সিংদহ এলাকায় পৌঁছালে আমাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি অন্যান্য গাড়ির মতো ডাকাতের কবলে পড়ে। তখন ডাকাত দলের সদস্যরা অ্যাম্বুলেন্সে এসে প্রথমে আমাদের কাছে থাকা নগদ ১ লাখ টাকা নিয়ে নেয়। স্ত্রী সন্তানসম্ভবা, তার অসুস্থতার কথা জানিয়ে আমরা কাকুতি মিনুতি করলেও তারা শোনেনি। এরপর আমার স্ত্রীর কান কেটে নিচ্ছিল, তারা আমাদের অনুরোধে সেটা করেনি। পরে মাসহ আমাদের পরিবারের সদস্যদের কাছে থাকা স্বর্ণের চেইনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।


তিনি আরও বলেন, এরপর আমি ৯৯৯-এ কল দিলে পুলিশ আসার খবর পেয়ে ডাকাতরা চলে যায়। তখন ডাকাতদের ধস্তাধস্তিতে আমাদের অ্যাম্বুলেন্সের চাবিটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর অ্যাম্বুলেন্সের চাবি পাই এবং সড়কের গাছ সরিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা হই।


আব্দুল্লাহ আল নোমান বলেন, ডাকাতির প্রথম থেকে আমার স্ত্রী ভীত হয়ে পড়ে। ডাকাতির সময়ই স্ত্রীর পেট থেকে সন্তানের এক পা বেরিয়ে আসে। এরপর কালীগঞ্জ শহর পার হয়ে বারোবাজার এলাকায় পৌঁছালে ভূমিষ্ঠ হওয়া সন্তানটি মারা যায়। এটি ছেলে সন্তান ছিল। সদ্য ভূমিষ্ঠ সন্তান মারা যাওয়ার পর আমরা চুয়াডাঙ্গায় ফিরে যাই। বর্তমানে আমার স্ত্রী বাসায় চিকিৎসাধীন আছে। মানসিকভাবে খুব ভেঙে পড়েছে।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। সড়কের ওপর গাছ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে একজন গর্ভবতী রোগী ছিলেন।


ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ওইদিন ডাকাতির একটি ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে মাগুরা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে থানায় মামলা করার জন্য বলা হয়েছে।


তিনি আরও বলেন, ডাকাতির সময় না, মূলত ওই স্থান থেকে যশোর যাওয়ার পথে বারোবাজার এলাকায় পৌঁছালে ওই অ্যাম্বুলেন্সেই ভূমিষ্ঠ হওয়া শিশুটির মৃত্যু হয়। ঘটনার সময় আমাদের পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে কেটে ফেলে রাখা গাছ সরিয়ে অ্যাম্বুলেন্সটিকে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝