নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়, তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে সাজা দেওয়া হয়েছে। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে ১৫১ ধারায় এবং তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়। এ ছাড়া দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়। বাকি ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
থানাভিত্তিক তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জে তিনজন, কবিরহাটে চারজন, সেনবাগে একজন, চরজব্বারে দুজন এবং হাতিয়ায় ছয়জনকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বেগমগঞ্জে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং বাকি তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সোনাইমুড়ীতে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক এবং দুজনকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া চাটখিলে ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের জন্য সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে সচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
এমআর/ এফএস