জামালপুরের সরিষাবাড়ীতে এক খামারির গোয়ালঘরে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই খামারিসহ প্রায় পাঁচটি গরু গুরুতরভাবে আগুনে দগ্ধ হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলিপাড়া এলাকায় আব্দুল রাজ্জাকের খামারে এ ঘটনা ঘটে। আব্দুল রাজ্জাক ওই এলাকার মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে।
জানা গেছে, রোববার রাতে আব্দুর রাজ্জাকের ভাই আব্দুর রহিমের পরিত্যক্ত গোয়ালঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরে আব্দুর রাজ্জাক তার গোয়ালঘরে থাকা ১৮টি গরু উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিসহ পাঁচটি গরু অগ্নিদগ্ধ হয়। পরে তিনি এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাহায্য চাইলে স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আব্দুল রাজ্জাক বলেন, আমি হঠাৎ আগুন দেখতে পাই। সঙ্গে সঙ্গে খামারে থাকা গরুগুলো বের করতে যাই। এ সময় আমার শরীরের অনেক জায়গায় আগুনে পুড়ে গেছে। এ ছড়া আমার পাঁচটা গরুও দগ্ধ হয়েছে। আমি একা আগুন নেভাতে না পেরে মসজিদের মাইকে এলাকাবাসীর সহযোগিতা চাই। তারপর তারা এসে আগুন নিভিয়েছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হলো তা সঠিকভাবে বলতে পারছি না।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ইকবাল হোসেন বলেন, আগুন লাগার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর রাখছি। এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
এসএ