ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদপুরে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৩
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চাঁদপুরে শীতের আগমনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে র‍্যাশ নিয়ে হাসপাতালে আসছে শিশুরা। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে ৪৩ জন শিশু ভর্তি হয়েছে। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতেও বিছানা পেতে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে জেলায় প্রায় ৪০৯ শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে তিনটি ইউনিট চালু রাখা হয়েছে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুর জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায়, জ্বর, সর্দি ও কাশির উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সী শিশুকে হাসপাতালে আনা হচ্ছে। হামের লক্ষণ শনাক্ত হলে তাদের সাধারণ রোগীদের থেকে আলাদা করে আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে।

হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, হামে আক্রান্ত শিশুদের সাধারণত উচ্চমাত্রার জ্বর, চোখ লাল হওয়া, কাশি এবং শরীরে লালচে দানা দেখা দেয়। এ ধরনের উপসর্গ দেখা দিলে দেরি না করে শিশুকে নিকটস্থ হাসপাতালে নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের স্বজনরা জানান, প্রথমে সর্দি, কাশি ও প্রচণ্ড জ্বর দেখা দেয়। পরে মুখ ও শরীরে লালচে ফুসকুড়ি ওঠে এবং চোখ লাল হয়ে যায়। কিছু শিশুর ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো জটিলতাও দেখা দিচ্ছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী, আক্রান্ত শিশুদের মধ্যে হামের টিকা না নেওয়া শিশুর সংখ্যা বেশি। তারা বলছেন, হামের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিতে হবে। পাশাপাশি শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আক্রান্তদের পৃথক আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালটিতে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে ৩ হাজার ৪৫৩ জন রোগী বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শয্যাসংকট থাকলেও রোগীদের চিকিৎসাসেবা দিতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।


  এসএস/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝