পিরোজপুরের মঠবাড়িয়ায় কিশোরী ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি শাহিন হাওলাদার (২৮) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
রোববার (২২ নভেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলার তুষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিন হাওলাদার উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকেল ৫টার দিকে শাহিন হাওলাদারের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮ বরাবর অধিযাচনপত্র পাঠান। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর সিপিএসসি, বরিশালের একটি অভিযানিক দল তুষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহিন হাওলাদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।
এদিকে, চাঞ্চল্যকর এ মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন সূত্র।
জেডএফ / এফএস