
সংগৃহীত ছবি
ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার।
রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ৭টায় উপজেলার কাঁচপুরের স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তবে তাদের বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা।
হানিফ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফিরছিলাম। পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে একটি ট্রাকের ওপরে দেখতে পাই। পরে সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলে জেনেছি, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশের ওপর পড়ে যায়। এতে ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
ওসি জুয়েল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় আপাতত এর চেয়ে বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
টিআই