পিরোজপুরের কাউখালীতে অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। রোববার (২২ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর।
উপজেলা বিএনপির উদ্যোগে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একটি পথসভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।
পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও লিয়াকত হোসেন।
বক্তারা বলেন, অগ্নিসন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এসব অপতৎপরতা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, যেকোনো মূল্যে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
যেএইচ/এসএস