ডাকযোগে নাগরিকদের উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বাড়িতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বিডি পোস্টের মাধ্যমে স্মার্টকার্ড পাঠানোর কথা ভাবা হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
কর্মকর্তারা বলছেন, স্মার্টকার্ড প্রস্তুত হওয়ার পর তা বিতরণে বিলম্ব হলে সংস্লিষ্ট নির্বাচন অফিসে পড়ে থাকে।
ফলে হারিয়ে যায়। অনেকেই আবার সংগ্রহ করতে না এসে দ্বিতীয়বার স্মার্টকার্ডের আবেদন করেন।
এসব সমস্যা এড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এতে ব্যয় কত বাড়বে তা এখনো ঠিক হয়নি।
বর্তমানে মাঠপর্যায়ে প্রায় ১ কোটি ৩৮ লাখের বেশি স্মার্টকার্ড অবিতরণকৃত অবস্থায় রয়েছে। ব্যয় কয়েক কোটিতে দাঁড়াতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, স্মার্টকার্ড বিডি পোস্টের মাধ্যমে নাগরিকদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। এতে নির্বাচন অফিসে আসতে হবে না। আর কারো ঠিকানায় সংশ্লিষ্ট নাগরিককে পাওয়া না গেলে কার্ড ফেরত আসবে। সেগুলো কমিশন থেকে সংগ্রহ করতে হবে।
জানা গেছে, প্রিন্ট হওয়া ১ কোটি ৩৮ লাখ ৫৭ হাজার ১০০ কার্ড অবিতরণকৃত অবস্থায় রয়েছে। আর সাড়ে ৫ কোটির বেশি মানুষের স্মার্টকার্ড প্রিন্ট হয়নি। এদের স্মার্টকার্ড প্রিন্টিং সফটওয়্যার জটিলতায় আটকে আছে।
টিআই