বগুড়ার নন্দীগ্রামে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় পাকা আমন ধান এবং শীতকালীন সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে থাকা পাকা ধান, কেটে রাখা ফসল ও সদ্য রোপণ করা বিভিন্ন সবজির ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষিজমি ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে আমন ধান কাটার মৌসুম চলছে। অনেক কৃষক ধান কেটে জমিতেই শুকানোর জন্য রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে সেসব ধান পানিতে ভিজে গেছে। অন্যদিকে, এখনো কাটা হয়নি এমন জমির পাকা ধান ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে মাটিতে নুয়ে পড়েছে।
এ ছাড়া আলু, ফুলকপি, বাঁধাকপি, শিম ও সরিষাসহ শীতকালীন ফসলের জমিতে পানি জমেছে। এতে এসব ফসলের আবাদ ও উৎপাদন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪৫ হেক্টর জমিতে ধান, ৩ হাজার হেক্টরে আলু, ৪ হাজার হেক্টরে সরিষা, ২০৮ হেক্টরে মরিচ, ২০৩ হেক্টরে শাকসবজি এবং ৪ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে।
উপজেলার দোহার গ্রামের কৃষক কৃষ্ণ চন্দ্র বলেন, সারা বছরের পরিশ্রম ও ঋণের টাকায় ফসল ফলিয়েছেন তিনি। ধান কাটার সময়ে বৃষ্টি হওয়ায় বড় ধরনের বিপাকে পড়েছেন। জমিতে পানি জমে থাকায় ধান কাটতে সমস্যা হচ্ছে। পাশাপাশি খড় নষ্ট হওয়ায় গবাদিপশুর খাদ্য নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। তাঁর সাড়ে চার বিঘা জমির কাটা ধান পানির নিচে রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পর কৃষকদের আগাম সতর্ক করা হয়েছে। ধান পেকে গেলে দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। বৃষ্টির কারণে আলু ও সরিষার আবাদ কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে আবহাওয়া দ্রুত স্বাভাবিক হলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব হবে।
এএ/এসএস