মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বঙ্গোপসাগর শান্ত হতে শুরু করলেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ উপকূলে সক্রিয় হয়ে ওঠে মানবপাচারকারী চক্র। মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সংগ্রহ করে তারা। পরে দুর্গম পাহাড়ের গোপন আস্তানায় আটকে রেখে অস্ত্রের মুখে জিম্মি, শারীরিক নির্যাতন এবং পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়। এসব আস্তানায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ভারী অস্ত্র নিয়ে অবস্থানের অভিযোগও রয়েছে।
গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনায় সেনাসদস্য মো. তিতাস শেখ নিহত হন। ওই অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৬ জনকে উদ্ধার করা হয় এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন রোহিঙ্গা ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে পাহাড়ের বন্দিশালায় মানবপাচারের ভয়াবহ চিত্র। তাঁদের অভিযোগ, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণের পর আটকে রাখা হতো। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে নির্যাতন করে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করত পাচারকারীরা। কয়েকজন উদ্ধারপ্রাপ্ত ব্যক্তির দাবি, পাহাড়ের এসব আস্তানায় বিপুলসংখ্যক সশস্ত্র পাহারাদার অবস্থান করে।
মানবপাচার ও মাদক চোরাচালানসহ সীমান্তবর্তী অপরাধ দমনে দায়িত্ব পালন করতে গিয়ে এর আগেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণ দিতে হয়েছে। ২০২২ সালের ১৪ নভেম্বর রাতে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর কর্মকর্তা ছিলেন।
এরপর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার।
সর্বশেষ তিতাস শেখের মৃত্যু সীমান্ত ও পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের ভয়াবহ তৎপরতা আবারও সামনে এনেছে। একের পর এক অভিযান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগের পরও এসব চক্রের তৎপরতা বন্ধ হয়নি।
হতাশাকে পুঁজি করে পাচার
অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের ঘটনায় দীর্ঘদিন ধরেই অস্থির উখিয়া-টেকনাফ। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রোহিঙ্গারাও এসব চক্রের শিকার হচ্ছেন। দীর্ঘদিনেও প্রত্যাবাসন না হওয়া এবং শিবিরে অনিশ্চিত জীবনকে পুঁজি করছে পাচারকারীরা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিনের হতাশা ও অনিশ্চয়তা মানবপাচারের অন্যতম কারণ। প্রায় নয় বছর পার হলেও তাঁরা নিজ দেশে ফিরে যেতে পারেননি। ফলে শিবিরে তাঁদের জীবন ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে উন্নত জীবনের আশায় অনেকে সমুদ্রপথে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন।
তিনি বলেন, মানবপাচারকারীরা রোহিঙ্গাদের অসহায়ত্ব ও হতাশাকে পুঁজি করে নানা প্রলোভন ও প্রতারণার মাধ্যমে তাঁদের বিপজ্জনক সমুদ্রযাত্রায় উদ্বুদ্ধ করছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, শীতকালে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের পানি তুলনামূলক শান্ত থাকায় নৌযান চলাচল সহজ হয়। গত কয়েক বছর ধরেই এ সময়ে মানবপাচার ও অবৈধভাবে মানুষ বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত চক্রগুলো বেশি সক্রিয় হয়ে ওঠে।
তিনি বলেন, মানবপাচার একটি সংঘবদ্ধ আন্তদেশীয় অপরাধ। এর সঙ্গে শুধু বাংলাদেশের পাচারকারীরা নয়, অন্য দেশের অপরাধী চক্রেরও যোগাযোগ ও সমন্বয় রয়েছে। সীমান্তবর্তী এলাকায় এসব চক্রের সঙ্গে সশস্ত্র ব্যক্তিরাও যুক্ত থাকে। নিজেদের নিরাপত্তা ও পাচারের পথ নিয়ন্ত্রণে রাখতে তারা অস্ত্র ব্যবহার করে।
আসিফ মুনীরের মতে, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করতে হবে। কক্সবাজার অঞ্চলে নিয়োজিত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। প্রয়োজনে প্রতিবেশী দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতাও নিতে হবে।
তবে শুধু অভিযান পরিচালনা করে মানবপাচার বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাঁর ভাষ্য, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে মানবপাচারসংক্রান্ত মামলায় অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। পাচারকারীদের শনাক্ত করার পাশাপাশি মামলা, তদন্ত ও বিচারপ্রক্রিয়া কার্যকর করতে হবে। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
বিশেষ ক্যাম্প, তবু আতঙ্কে টেকনাফ
টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবী মো. তৌহিদুল এহেছান। তিনি বলেন, টেকনাফের সমস্যা দীর্ঘদিনের। একে বিচ্ছিন্ন কিংবা শুধু স্থানীয় সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মানবপাচার, মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ নানা অপরাধ সংঘটিত হচ্ছে। বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতিও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করেছে।
তৌহিদুল এহেছান বলেন, টেকনাফে তিন বাহিনীর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযান ইতিবাচক পদক্ষেপ। এ ধরনের অভিযান আরও আগে প্রয়োজন ছিল। গত ১০ থেকে ১৫ বছর ধরে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অপহরণ, মুক্তিপণ আদায় ও মানবপাচারের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
মানবপাচার ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে টেকনাফে বিশেষ পুলিশ ক্যাম্প স্থাপন করেছে প্রশাসন। কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, শীত মৌসুমে মানবপাচারকারীদের তৎপরতা তুলনামূলকভাবে বেড়ে যায়। বিষয়টি বিবেচনায় রেখে মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে টেকনাফে বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, অপরাধ সংঘটনের চেষ্টা হলে এ ক্যাম্পের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে পারবে। পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি টেকনাফের অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করতেই ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।
সমুদ্রযাত্রায় বাড়ছে প্রাণহানি
মানবপাচারের পাশাপাশি অনিয়মিত সমুদ্রযাত্রায় প্রাণহানির ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সমুদ্রপথে রোহিঙ্গাদের যাত্রা ছিল রেকর্ডসংখ্যক প্রাণহানির ঘটনা। ওই বছর ৬ হাজার ৫০০ জনের বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রার চেষ্টা করেন। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে, চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌযান আন্দামান সাগরে ডুবে যায়। এতে আনুমানিক ২৫০ জন নিখোঁজ হন। ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে নয়জনকে জীবিত উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনিশ্চয়তা, জীবিকার সংকট, শীত মৌসুমে সমুদ্রযাত্রার অনুকূল পরিবেশ এবং আন্তদেশীয় অপরাধী চক্রের তৎপরতা—সব মিলিয়ে মানবপাচারের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি ও অভিযান জোরদারের পাশাপাশি পাচারকারী চক্রের অর্থায়ন, যোগাযোগের নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক যোগসূত্র শনাক্ত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
১৪ বছরে ৫৪০ মামলা, নিষ্পত্তি হয়নি একটিও
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মানবপাচার আইনে ৫৪০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ২ হাজার ১৫৯ জনকে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৮০০ জনকে। এ সময়ে পাচারের শিকার ৩ হাজার ২২৩ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে।
থানার রেকর্ড অনুযায়ী, ৩৩টি মামলা ছাড়া বাকি সব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় রোহিঙ্গাসহ ৬১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে জড়িত ৪২ জন দালালকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মানবপাচার আইনে ৩০টি মামলা করা হয়েছে। এসব মামলা এখনো তদন্তাধীন।
মানবপাচারের ঘটনা বেড়ে যাওয়ায় ২০১২ সালে কক্সবাজারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। তবে গত ১৪ বছরে মানবপাচার আইনের কোনো মামলা নিষ্পত্তি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে, জামিনে মুক্ত হয়ে পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছেন।
উখিয়া-টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার সংঘবদ্ধ পাচারকারীরা রোহিঙ্গা শিবিরের অপরাধীদের সঙ্গে সিন্ডিকেট গড়ে উপকূলীয় ও সীমান্ত এলাকায় পাচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের কক্সবাজার কো-অর্ডিনেটর (লিগ্যাল সার্ভিস) বিশ্বজিৎ ভৌমিক বলেন, সাগরপথে মানবপাচার মামলার মূল ভিত্তি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য। কিন্তু টেকনাফ-উখিয়া অঞ্চলের মামলার অভিযোগপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, অর্ধেকের বেশি সাক্ষীর ঠিকানা ভুয়া বা অসম্পূর্ণ। আদালত থেকে বারবার সমন পাঠানো হলেও পুলিশ প্রতিবেদনে জানায়, ওই ঠিকানায় সংশ্লিষ্ট নামের কাউকে পাওয়া যায়নি।
তিনি বলেন, সাক্ষীর অভাবে বছরের পর বছর মামলা ঝুলে থাকায় আসামিরা সহজেই জামিন পেয়ে যাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত সাক্ষী সুরক্ষা আইন বাস্তবায়ন করা না গেলে অপরাধীদের সাজা দেওয়া কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উখিয়া ও টেকনাফের সীমান্ত এবং সমুদ্র উপকূল অত্যন্ত দুর্গম। পাচারের শিকার ব্যক্তিরা উদ্ধারের পর মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। তাঁদের অনেকেই সঠিক তথ্য দিতে পারেন না। বিশেষ করে রোহিঙ্গাদের ক্ষেত্রে ক্যাম্পের মাঝি বা ব্লক পরিবর্তনের কারণে তাঁদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
তবে এ সমস্যা সমাধানে পুলিশ বায়োমেট্রিক তথ্য ও রোহিঙ্গা ডেটাবেজের সহায়তা নিচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের সাক্ষীদের আদালতে আনা-নেওয়ার জন্য পুলিশ সদস্যদের তৎপর করা হয়েছে।
আইন বিশেষজ্ঞদের মতে, সাগরপথে মানবপাচার বন্ধে সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাচারকারী চক্রের অর্থায়ন, যোগাযোগের নেটওয়ার্ক ও আন্তর্জাতিক যোগসূত্র শনাক্ত করতে হবে। একই সঙ্গে মামলার শুরু থেকেই সাক্ষীদের নিরাপত্তা, ডিজিটাল ট্র্যাকিং ও সঠিক পরিচয় নিশ্চিত করতে পুলিশের তদন্ত কাঠামোয় পরিবর্তন আনা জরুরি। অন্যথায় পাহাড়ের বন্দিশালা থেকে ভুক্তভোগীদের উদ্ধার করা গেলেও মানবপাচারকারী চক্রের শিকড় উপড়ে ফেলা কঠিন হবে।
এএইচএস/এসএস