ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, ফিরছেন পর্যটকরা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টানা তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে পাঁচটি জাহাজ চলাচল শুরু করে। এদিন সকালে ১ হাজার ৮৭০ জন পর্যটক নিয়ে জাহাজগুলো কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। বিকেল ৪টার দিকে আটকে পড়া প্রায় ৯০০ পর্যটক নিয়ে জাহাজগুলো কক্সবাজারের পথে ফিরতি যাত্রা শুরু করে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে প্রায় ৪৫০ পর্যটক মূল ভূখণ্ডে ফিরে আসেন। বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় দেড় হাজার পর্যটক সেখানে আটকা পড়েছিলেন। 

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখে প্রশাসন। এতে দ্বীপে অবস্থানরত পর্যটকদের ফিরতে ভোগান্তিতে পড়তে হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, দ্বীপে আটকে পড়া পর্যটকদের একটি অংশ শনিবার ট্রলারে করে টেকনাফে ফিরে গেছেন। অবশিষ্ট পর্যটকদের ফিরিয়ে আনতে রোববার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে।

দ্বীপে আটকে থাকার কারণে অনেক পর্যটককে আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে। তাঁদের কারও কারও আগে থেকে বিমান টিকিট ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে হোটেল বুকিং করা ছিল। নির্ধারিত সময়ে ফিরতে না পারায় সেসব বুকিংয়ের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া সেন্টমার্টিনে অতিরিক্ত দিন অবস্থান করায় আবাসন ও খাবারের পেছনেও বাড়তি অর্থ ব্যয় করতে হয়েছে।

সিরাজগঞ্জ থেকে বেড়াতে যাওয়া আমিনুল ইসলাম বলেন, জাহাজ মালিকরা আগে থেকে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে পর্যটকদের সতর্ক করলে এমন ভোগান্তি ও আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হতো। সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের অভাবেই এ পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে দ্বীপবাসীর আতিথেয়তা ও সহযোগিতার প্রশংসা করেছেন অনেক পর্যটক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দারা তাঁদের যথেষ্ট সহযোগিতা করেছেন। রিসোর্ট ভাড়া ও খাবারের ক্ষেত্রে ছাড় পাওয়ায় তাঁদের ভোগান্তি কিছুটা কমেছে।

এদিকে, জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, ১৯, ২০ ও ২১ নভেম্বরের অগ্রিম টিকিট কাটা পর্যটকদের আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভ্রমণের সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ভ্রমণ করতে না চাইলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। টিকিট নিয়ে কোনো জাহাজের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছে। তবে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয় ৫ নভেম্বর থেকে। চলতি মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে।

মৌসুম শুরুর পর থেকে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াত বাড়তে থাকে। গত ১৩ নভেম্বর চারটি জাহাজে করে ১ হাজার ৭৫৪ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেন। মৌসুম শুরুর পর এক দিনে সেটিই ছিল সর্বোচ্চ পর্যটক যাতায়াতের ঘটনা।

এসএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝