ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
একটি সেতুর অভাবে দুর্ভোগে আত্রাই-নলডাঙ্গার ৪০ গ্রামের মানুষ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
X

নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। 

এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ভোগান্তি বাড়লেও সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে।

নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের উত্তর ভাটোপাড়া এবং নওগাঁর আত্রাই উপজেলার থলওলমা এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী। নদীর দুই পাড়ে রয়েছে বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু সেতু না থাকায় প্রতিদিন নৌকায় নদী পারাপার হতে হয় দুই এলাকার বাসিন্দাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকেই এই ঘাট দিয়ে নৌকায় মানুষ পারাপার হয়ে আসছেন। সময়ের সঙ্গে নদীর দুই পাড়ে জনবসতি, কৃষিকাজ ও ব্যবসা-বাণিজ্য বাড়লেও যোগাযোগব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদের প্রতিদিন নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপার আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বাড়ে। অন্যদিকে, শুষ্ক মৌসুমেও কৃষিপণ্য ও ভারী মালামাল পরিবহনে সমস্যা হয়। নদীর অন্য পাড়ে যেতে বিকল্প সড়ক ব্যবহার করলে অনেকটা পথ ঘুরে যেতে হয়।

দীর্ঘদিনের এ দুর্ভোগ নিরসনে খাজুরা উত্তর ভাটোপাড়া ও থলওলমা এলাকার মধ্যে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে দেওয়া হয়েছে।

আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম বলেন, সেতুটি নির্মিত হলে যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি আত্রাই ও নলডাঙ্গা উপজেলার বাসিন্দারাও উপকৃত হবেন। কৃষকরা কম সময় ও খরচে ফসল বাজারজাত করতে পারবেন। শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দুই এলাকার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

আত্রাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নিতিশ কুমার বলেন, আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আত্রাই ও নলডাঙ্গা দুটি উপজেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় উভয় উপজেলার সমন্বয়ে সেতুটি নির্মাণ করা হবে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলামের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেও সেতু নির্মাণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে ৩ নম্বর খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রহিম বলেন, আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্বাচনী প্রতিশ্রুতি। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

স্থানীয় চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান শাকিল বলেন, নদীর দুই পাড়ে অনেক মানুষের আত্মীয়স্বজন ও কৃষিজমি রয়েছে। কারও বাড়ি এক পাশে, আবার জমিজমা অন্য পাশে। সেতু না থাকায় কৃষিপণ্য পরিবহন ও বাজারজাত করতে তাঁদের সমস্যায় পড়তে হয়। খাজুরা বাজারসহ আত্রাইয়ের বিভিন্ন বাজারে যাতায়াতেও ভোগান্তি রয়েছে।

তিনি আরও বলেন, খাজুরায় একটি আলিম মাদ্রাসা ও উচ্চবিদ্যালয় থাকায় শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যা হয়। সেতুটি নির্মিত হলে দুই এলাকার যোগাযোগ সহজ হবে। এ জন্য নাটোরের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং নওগাঁর সংসদ সদস্য রেজাউল করিম রেজুর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আত্রাই উপজেলার থলওলমা গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিদিন বহু মানুষ এই নদী দিয়ে পারাপার হন। নৌকায় চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। এখানে সেতু নির্মিত হলে দুই এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণে দ্রুত সেতু নির্মাণের আহ্বান জানান তিনি।

নলডাঙ্গার উত্তর ভাটোপাড়া গ্রামের বাসিন্দা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সেতু না থাকায় অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে জরুরি চিকিৎসার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়। যোগাযোগ সমস্যার কারণে কৃষকরাও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, নদীর ওপারে ধানের দাম প্রতি মণ প্রায় ১ হাজার ২০০ টাকা হলেও যোগাযোগ সমস্যার কারণে এপারে অনেক সময় ১ হাজার টাকায় বিক্রি করতে হয়। এতে প্রতি মণে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কম পাওয়া যায়।

থলওলমা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান বলেন, এই ঘাট দিয়ে প্রতিদিন অনেক মানুষ চলাচল করেন। সেতু নির্মাণ করা হলে অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ উপকৃত হবেন। বিশেষ করে আত্রাই থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় যাতায়াত সহজ হবে।

প্রায় ২৫ থেকে ২৬ বছর ধরে গ্রাম চিকিৎসক হিসেবে কাজ করছেন রাকিব ডাক্তার। তিনি জানান, এলাকার মানুষের চিকিৎসাসেবা দিতে গিয়ে নদী পারাপারের সমস্যা তাঁকে নিয়মিত দেখতে হয়। জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাত এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্রাই, নলডাঙ্গা ও সিংড়া এলাকার মানুষের যোগাযোগ সহজ করতেও এটি ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে, নলডাঙ্গার খাজুরা লাহিড়ীপাড়ার বাসিন্দা শ্রীবিষ্ণুপদ সরকার বলেন, প্রায় ২০ বছর ধরে তিনি নিয়মিত এই পথ দিয়ে সমসপাড়া হাটে যাতায়াত করছেন। নদী পারাপারে তাঁকে নানা সমস্যায় পড়তে হয়। সেতু নির্মিত হলে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারবে। এতে যাত্রীদের পাশাপাশি পণ্য পরিবহনেও সুবিধা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে আত্রাই ও নলডাঙ্গা উপজেলার মানুষের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি আশপাশের সিংড়া এলাকার বাসিন্দারাও উপকৃত হবেন। কৃষকরা কম সময় ও খরচে ফসল বাজারজাত করতে পারবেন। শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। পাশাপাশি দুই এলাকার ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে নদীর দুই পাড়ের মানুষ এখন সেতু নির্মাণের অপেক্ষায় রয়েছেন। ডিপিপিতে প্রস্তাব অন্তর্ভুক্তির খবরে তাঁদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে প্রস্তাবের পর দ্রুত প্রকল্প বাস্তবায়ন করে স্থায়ী যোগাযোগব্যবস্থা গড়ে তোলাই এখন এলাকাবাসীর প্রধান প্রত্যাশা।

এসসি/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝