ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুরে দুই মাদ্রাসায় চাকরি, একই সময়ে বেতন উত্তোলনের অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পিরোজপুরের জিয়ানগরে একটি এমপিওভুক্ত আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত এক শিক্ষকের বিরুদ্ধে একই সময়ে বাগেরহাটের আরেকটি এমপিওভুক্ত মাদ্রাসা থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। 

দুই প্রতিষ্ঠানে পৃথক পদে চাকরি দেখিয়ে বেতন নেওয়ার বিষয়টি সামনে আসার পর এফ করিম আলিম মাদ্রাসা থেকে উত্তোলন করা ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছেন ওই শিক্ষক। তবে দুই প্রতিষ্ঠানে একই সময়ে চাকরি ও বেতন উত্তোলনের বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযুক্ত শিক্ষক সরোয়ার হোসাইন পিরোজপুরের জিয়ানগর উপজেলার এফ করিম আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত। তাঁর শিক্ষক ইনডেক্স নম্বর এম-০০০১৩০০। একই সঙ্গে তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে কর্মরত ছিলেন। ওই প্রতিষ্ঠানে তাঁর ইনডেক্স নম্বর ২০০৭৭৬৬।

সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, সরোয়ার হোসাইন ২০০৩ সালের ২৭ জানুয়ারি আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় যোগ দেন। প্রতিষ্ঠানটি ২০০৪ সালের ১ মে এমপিওভুক্ত হয়। পরে ২০২০ সালের ৩১ মে তিনি ওই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। সেদিনই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। একই বছরের ৭ জুন তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদারও পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

অন্যদিকে, এফ করিম আলিম মাদ্রাসায় সরোয়ার হোসাইন ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি যোগ দেন। প্রতিষ্ঠানটি ওই বছরের আগস্টে এমপিওভুক্ত হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির শিক্ষকরা ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মে পর্যন্ত বেতন-ভাতা পান। এ সময় সরোয়ার হোসাইন ওই মাদ্রাসা থেকে ২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা উত্তোলন করেন।

অথচ আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসা থেকেও ২০২০ সালের ৩১ মে পর্যন্ত বেতন-ভাতা গ্রহণ করেন তিনি। ফলে প্রায় ১৫ মাস দুই প্রতিষ্ঠানে তাঁর চাকরির সময়কাল মিলে যাওয়ায় একই সময়ে দুটি প্রতিষ্ঠান থেকে বেতন উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ছাড়া তাঁর এনটিআরসিএ সনদ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে সরোয়ার হোসাইন বলেন, এফ করিম আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হওয়ার আগে তিনি আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসায় ক্লাস করাতেন। আলিম মাদ্রাসায় বেতন চালু হলে আগের প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করে সেখানে যোগ দেন। তবে দুই প্রতিষ্ঠানের হাজিরা খাতায় একই সময়ে স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এফ করিম আলিম মাদ্রাসা থেকে উত্তোলন করা বেতন ফেরত দেওয়ার কথাও জানান তিনি।

এফ করিম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইকবাল হোসাইন বলেন, সরোয়ার হোসাইন ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তাঁদের প্রতিষ্ঠানে যোগ দেন। ওই বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে তিনি নিয়মিত ক্লাস করাতেন। দুই প্রতিষ্ঠানে চাকরির বিষয়টি তাঁরা সম্প্রতি জানতে পেরেছেন। শিক্ষক বেতন ফেরত দেওয়ার কথা বললেও তিনি টাকা জমা দিয়েছেন কি না, তা নিশ্চিত নন। বিষয়টি নিয়ে মাদ্রাসার পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবে।

এনটিআরসিএ সনদ যাচাইয়ের বিষয়ে তিনি বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ নিয়ে কমিটির সভাও হয়েছে। মাদ্রাসার সব শিক্ষকের সনদ যাচাই করা হবে।

অন্যদিকে, আবু হুরায়রাহ আদর্শ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. শাহাদাৎ হোসাইন বলেন, সরোয়ার হোসাইন ২০০৩ সালের ২৭ জানুয়ারি তাঁদের প্রতিষ্ঠানে ইবতেদায়ি জুনিয়র মৌলভী পদে যোগ দেন। ২০২০ সালের ৩১ মে তিনি পদত্যাগপত্র জমা দেন। তখন তাঁরা জানতে পারেন, অন্য একটি প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে তাঁর চাকরি হয়েছে। পদত্যাগের দিন পর্যন্ত তিনি ওই মাদ্রাসা থেকে বেতন-ভাতা গ্রহণ করেছেন।

পিরোজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী বলেন, একই সময়ে একজন ব্যক্তির দুটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ নেই। কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যেএইচ/এসএস    
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝