গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি।
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে ব্যাংকটির বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও দাবি করেন ইউনূস।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ঋণগ্রহীতাদের হাতে ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ার রয়েছে এবং সরকারের মালিকানায় রয়েছে বাকি ১০ শতাংশ। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।
ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর হামলা লাখ লাখ দরিদ্র নারীর নিরাপত্তা, স্বাধীনতা এবং তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতির মুখে পড়ছেন। এতে গ্রামীণ নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণার মাধ্যমে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাঁকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকের ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি তিনি কখনো ব্যাংকটির কোনো শেয়ারের মালিকও ছিলেন না বলে জানান ইউনূস।
তিনি জানান, গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে।
ইউনূস বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং কোটি মানুষের মর্যাদাপূর্ণ জীবনযাপনের আকাঙ্ক্ষার ওপরও আঘাত। এ পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের দেশি-বিদেশি বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এসএস