রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দক্ষিণ ও উত্তর কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এ কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
প্রকল্পের আওতায় দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (যাত্রাবাড়ী) পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করা হবে। আগামী দুই মাসের মধ্যে খাল থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি খালের দুই পাড়ে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা হবে।
ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসার পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে বলে আশা করছে সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহরের পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম কুতুবখালী খাল। এর আগে একাধিকবার খালটি পরিষ্কার করা হলেও পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে আবারও ভরাট হয়ে যাচ্ছে। নগরবাসী সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি স্থানীয় বাসিন্দাদের খালে পলিথিন ও আবর্জনা না ফেলার পাশাপাশি খালের জায়গা দখল করে দোকানপাট না বসানোর আহ্বান জানান। এ বিষয়ে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, নিজেদের পায়ে দাঁড়িয়ে দেশ গড়তে হলে সরকারকে সহযোগিতা করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকে তাঁকে সফল করতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কারে এগিয়ে আসতে হবে, যাতে নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষা করা যায়। এ ধরনের জনকল্যাণমূলক কাজে সিটি করপোরেশন সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারে বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
-টিএস