প্রতারণা, অর্থ আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় এ কে এম আসিফ ইকবালের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কারাগারে পাঠানোর পরোয়ানাও (সিডব্লিউ) জারি করা হয়েছে।
মো. সামসুদ্দিন রিয়াজ নামে এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসিফ ইকবালের জামিন বাতিলের আবেদন করেন। সিআর মামলা নম্বর ৪৪৫৬/২০২৬-এর আওতায় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়।
আবেদনে বাদী অভিযোগ করেন, আসিফ ইকবাল চুক্তি ও বায়নানামা দলিলের মাধ্যমে ফ্ল্যাট বা জমি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্ল্যাট বা জমি বুঝিয়ে না দিয়ে তাঁদের কাছ থেকে নেওয়া টাকা আত্মসাৎ করেন।
বাদীর দাবি, আসিফ ইকবাল বিভিন্ন কৌশলে মানুষকে প্রলুব্ধ করে নিজের স্বার্থ হাসিল করেন। তাঁকে জামিনে রাখা হলে বাদী অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
শুনানি শেষে আদালত বাদীর আবেদন মঞ্জুর করে আসিফ ইকবালের জামিন বাতিল করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসএস