নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের স্বার্থে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। গোপন সূত্রে দুদক জানতে পেরেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানায় দুদক।
দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে এ আবেদন করেন। আবেদনে মোতাছিম বিল্লাহর পাসপোর্ট নম্বর উল্লেখ করে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং আদেশ কার্যকরে পুলিশের বিশেষ শাখাকে (এসবি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়।
এসএস