যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি কিনতে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। পরিবেশ সুরক্ষা এবং গ্রাহকদের কাছে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী এসি পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’।
এ অফারের আওতায় গ্রাহকেরা পুরোনো এসি জমা দিয়ে ওয়ালটনের স্প্লিট, ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসি কিনতে পারবেন। রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল- উভয় ধরনের এসি কেনার ক্ষেত্রে থাকছে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়।
সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাদ হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ফিরোজ আলমসহ অন্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে জানানো হয়, দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের পুরোনো স্প্লিট, ক্যাসেট বা সিলিং টাইপ এসি জমা দিয়ে গ্রাহকেরা নতুন এসি কিনতে পারবেন। এ ক্ষেত্রে পৌনে ১ টন থেকে ২ দশমিক ৫ টন পর্যন্ত ক্ষমতার যেকোনো মডেলের ইনভার্টার স্প্লিট এসি এবং ১ দশমিক ৫ টন থেকে ৫ টন পর্যন্ত ক্ষমতার ইনভার্টার ক্যাসেট বা সিলিং টাইপ এসি বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
পুরোনো এসি জমা দিলে পছন্দের ওয়ালটন ইনভার্টার এসির মূল্যের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ নগদ ছাড় পাওয়া যাবে। ২০২৬ সালের ৩ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অফার চালু থাকবে।
অনুষ্ঠানে ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, টেকসই পরিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সমন্বয়ে এসিতে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করেছে ওয়ালটন।
তিনি বলেন, বাংলাদেশে ওয়ালটনই প্রথম বিশ্বস্বীকৃত পরিবেশবান্ধব আর-২৯০ ও আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে এসি উৎপাদন ও বাজারজাত করছে। এর ফলে পরিবেশবান্ধব শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও এগিয়ে গেছে।
তানভীর রহমান জানান, ওজোন স্তরের জন্য ক্ষতিকর সিএফসি ও এইচসিএফসি গ্যাসযুক্ত এসির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে ২০১৯ সাল থেকে এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালিয়ে আসছে ওয়ালটন। এ ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের পুরোনো বা অচল এসির পরিবর্তে আর-৩২ ও আর-২৯০ রেফ্রিজারেন্টযুক্ত বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি দেওয়া হচ্ছে।
তাঁর ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় অবদান রাখার পাশাপাশি গ্রাহকদের বিদ্যুৎ খরচ কমানো এবং দেশের উৎপাদিত বিদ্যুতের সুষম ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
বর্তমানে ওয়ালটন বিএসটিআইয়ের সর্বোচ্চ এনার্জি রেটিং সনদপ্রাপ্ত ‘সুপার সেভার’সহ বিভিন্ন মডেলের পৌনে ১ টন থেকে ২ দশমিক ৫ টন ক্ষমতার স্প্লিট টাইপ ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া মাঝারি ও বড় স্থাপনার শীতাতপ নিয়ন্ত্রণের জন্য ভিআরএফ ও চিলারসহ ১ দশমিক ৫ টন থেকে ৫ টন ক্ষমতার ক্যাসেট ও সিলিং টাইপ ইনভার্টার এসিও তৈরি করছে প্রতিষ্ঠানটি।
ওয়ালটন জানিয়েছে, এসির গুণগতমান নিশ্চিত করতে গ্রাহকদের এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত গ্যারান্টি দেওয়া হচ্ছে।
-টিএস