ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দেবে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামী ২৩ নভেম্বর মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মালিকদের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ নভেম্বর সভা হবে, সেটি আমরা আগেই ঘোষণা করেছি। মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। আমি কাউকে প্রস্তাব দিতে বাধ্য করতে পারছি না। কেউ প্রস্তাব না দিলে আমরা আইন অনুযায়ী চলব। আমার যে প্রক্রিয়া, সূচক ও নির্দেশক রয়েছে, সেগুলো অনুসরণ করেই কাজ করব।’

এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি পরিদর্শক দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। এ সময় শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া, বেতন ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন তাঁরা।

পরিদর্শন শেষে সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি নির্ধারণের জন্য শ্রমিক ও মালিক- উভয় পক্ষের সঙ্গে কথা বলছেন তাঁরা। শ্রমিকদের প্রত্যাশা, বর্তমান বেতন এবং পরিবারের কতজন সদস্য তাঁদের আয়ের ওপর নির্ভরশীল- এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষের সমস্যা ও সুবিধাগুলোও জানার চেষ্টা চলছে।

মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তাঁদের আশঙ্কা ছিল, মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছে কি না কিংবা অসহযোগিতা করছে কি না। তবে কোনো পক্ষ থেকেই তাঁর ওপর চাপ নেই। বৈধ কারণেই সভা স্থগিত করতে হয়েছিল। বিষয়টি তিনি আগেই ব্যাখ্যা করেছেন।

মজুরি বোর্ড গঠনের বিষয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর বোর্ড গঠন করা হয়। গঠনের তিন দিনের মাথায়, ৪ নভেম্বর তাঁর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী, বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে কাজ শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে মালিক ও শ্রমিক- উভয় পক্ষই যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের কাজ শেষ করতে একমত হয়েছেন। তাঁদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলাদা ও সম্মিলিত ভূমিকা রয়েছে। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করে বোর্ডের কাছে প্রস্তাব পাঠাচ্ছে। দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন রয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে আলাদা প্রস্তাব এলে সেগুলো পর্যালোচনা করতে সময় লাগে। এটি শ্রমসাধ্য কাজ হলেও তাঁরা দিন-রাত কাজ করছেন।

শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত যেসব কারখানা পরিদর্শন করেছেন, সেখানে কোনো শ্রমিক কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। তবে কেউ কেউ পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় আর্থিক সমস্যার কথা জানিয়েছেন। শনিবারের পরিদর্শনে দুজন শ্রমিক তাঁদের পারিবারিক ব্যয়ের চাপের কথা বলেছেন।

তিনি আরও বলেন, কোনো কোনো পরিবারে স্বামী-স্ত্রী দুজনই কাজ করছেন। কোথাও ভাইয়েরা কাজ করছেন, সন্তানও উপার্জন করছেন। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের মোট আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। পরিবারের সবাই কর্মক্ষম হলে এবং তাঁদের আয়ের ব্যবস্থা থাকলে সেটি ইতিবাচক।

শ্রমিকদের আন্দোলনের অধিকার রয়েছে উল্লেখ করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, শ্রমিকেরা আন্দোলন না করলে তাঁদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো মালিকপক্ষ কিংবা বোর্ডের পক্ষে জানা সম্ভব হতো না। রাষ্ট্র শ্রমিকদের এ অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড করার অধিকার কারও নেই।

তিনি বলেন, ‘শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কেউ যেন বিভ্রান্ত না হন। বৈধ পন্থায় আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি আপনাদের এই অধিকারকে সম্মান করি। আপনারা ধৈর্য ধারণ করুন।’

সাভার ও আশুলিয়ার কয়েকটি নির্দিষ্ট এলাকায় কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে এবং এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা রয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর কাজের পরিধি নিম্নতম মজুরি নির্ধারণ করা। এ জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। চিঠি দিয়েও তথ্য সংগ্রহ করা যেত। কিন্তু শ্রমিক ও মালিকদের কাছে সরাসরি গিয়ে তাঁদের সমস্যা ও সুবিধার বিষয়গুলো জানার চেষ্টা করছেন তিনি। কোনো সংস্থা ব্যর্থ কি না, তা বলার দায়িত্ব তাঁর নয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ব্যক্তিগতভাবে ৪০ লাখ শ্রমিকের প্রত্যেকের কাছে যাওয়া সম্ভব নয়। তবে গণমাধ্যমের মাধ্যমে অল্প সময়ে তাঁদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। মজুরি বোর্ডে চেয়ারম্যানসহ সাতজন সদস্য, একজন সচিব এবং ১০ থেকে ১২ জন সহায়ক জনবল রয়েছেন। এত বিপুলসংখ্যক শ্রমিকের জন্য অল্পসংখ্যক মানুষ কাজ করছেন। এ জন্য তাঁদের অনেক পরিশ্রম করতে হচ্ছে।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, পোশাক খাত দেশের রপ্তানিতে সবচেয়ে বেশি অবদান রাখে। কোনোভাবেই এ খাত ক্ষতিগ্রস্ত হোক, তা তিনি চান না। শ্রমিকদের জন্য ভালো কিছু হলে সেই সাফল্যের ক্ষুদ্র অংশীদার হতে চান তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝