ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাভার-আশুলিয়ায় শ্রমিক আন্দোলন, ৫০ কারখানায় ছুটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ২১.১১.২০২৬ ২:২৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের প্রভাব পড়েছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। শনিবার (২১ নভেম্বর) সকালে শ্রমিকেরা কারখানায় গিয়ে কাজে যোগ না দেওয়ায় অন্তত ৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দুটি কারখানায়।

শনিবার বেলা ১টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানান।

শিল্প পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতোই কাজে যোগ দেন। বেশির ভাগ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছিল। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানায় কাজ শুরুর সময় সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা নির্ধারণের প্রতিবাদে তারা কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করলেও কাজে যোগ দেননি। পরে শ্রমিকদের কর্মবিরতির মুখে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। একই সঙ্গে আগামীকাল থেকে সকাল ৮টা থেকেই কারখানার কার্যক্রম শুরু হবে বলে শ্রমিকদের জানানো হয়।

এ ছাড়া আশুলিয়ার বিভিন্ন এলাকার আরও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে সেসব কারখানাও দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন কার্যক্রম চালু থাকা একটি কারখানার সামনে শ্রমিকদের একটি দল অবস্থান নেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘কাঠগড়া এলাকায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক সচল কারখানাগুলোর সামনে গিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’

শিল্পাঞ্চল পুলিশ-১-এর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এর বাইরে সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝