রাজধানীর কাঁচাবাজারে আজ মিশ্র চিত্র দেখা গেছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার অজুহাতে সবজির দাম চড়া থাকলেও, কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগি, ডিম এবং কিছু মাছের দাম। তবে গরু ও খাসির মাংসের উচ্চমূল্যে সাধারণ ক্রেতাদের বাজেটে এখনো বড় চাপ রয়ে গেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, কদমতলী, মিরপুর ৬, কাজীপাড়া ও ৬০ ফিটসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে রাজধানীর কাঁচাবাজারগুলোতে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। যারা এসেছেন, তারাও প্রয়োজনীয় পণ্য নিয়ে দ্রুত ফিরেছেন। এর মধ্যেও সবজির দামে বাড়তি চাপ লক্ষ করা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা ও টমেটো ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা, শিম ও শসা কেজিপ্রতি ৮০ টাকা; ঢেঁড়স ও বেগুন ৬০ টাকা এবং পেঁপে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শাক ৩০ টাকা, প্রতিটি লাউ ৫০ টাকা এবং চারটি লেবু বা এক হালি কাঁচা কলা ৩০ থেকে ৪০ টাকায় মিলছে।
যাত্রাবাড়ীর সবজি বিক্রেতা সাইদুল জানান, বৃষ্টিতে পরিবহন ও পাইকারি বাজার থেকে পণ্য আনতে ভোগান্তি বেড়েছে এবং সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। শনিরআখড়ার ব্যবসায়ী সুমন সরকার বলেন, বৃষ্টিতে ক্রেতা ও বিক্রি কমলেও পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হওয়ায় খুচরায় দাম কমানোর সুযোগ নেই।
তবে বিক্রেতাদের এ যুক্তি মানতে নারাজ ক্রেতারা। যাত্রাবাড়ীতে বাজার করতে আসা কাওসার আহমেদ বলেন, নতুন আলু ১২০ ও টমেটো ২০০ টাকা হওয়া সাধারণ মানুষের জন্য বড় ধাক্কা। শনিরআখড়ার আরেক ক্রেতা জানান, বৃষ্টির দিনে ক্রেতা কম থাকলেও দাম না কমে উল্টো চড়া থাকায় সংসারের মাসিক খরচ সামলানো কঠিন হয়ে পড়ছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন বিক্রেতারা।
সবজির দামের উল্টো চিত্রে মুরগি, ডিম ও কয়েক ধরনের মাছে কিছুটা স্বস্তি ফিরেছে। কয়েক সপ্তাহ আগে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগি বর্তমানে ১৫৫ থেকে ১৬০ টাকায় নেমে এসেছে। সোনালি মুরগি ৩১০–৩৩০ টাকা থেকে কমে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন ১৪৫–১৫০ টাকা থেকে কমে ১৩৫ টাকায় এবং সাদা ডিমের হালি ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাছের বাজারেও তেলাপিয়া ও পাঙাশ ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রুই মাছের দাম আগের ৩৮০–৪৮০ টাকা থেকে কমে ৩৪০–৩৮০ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া লইট্যা ৩০০ টাকা এবং সামুদ্রিক বাইলা ও পোয়া ৪০০–৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে শিং মাছ ১,০০০ থেকে ১,২০০ টাকা, কই ৬০০–৮০০ টাকা এবং টেংরা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় এসব মাছ সাধারণ ক্রেতার নাগালের বাইরে রয়েছে।
অন্যদিকে, মাংসের বাজারে স্বস্তির কোনো আভাস নেই। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস ৮২০ টাকা এবং খাসির মাংস ১,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে মুরগি, ডিম ও কিছু মাছে সামান্য স্বস্তি মিললেও বৃষ্টিতে চড়া সবজি এবং গরু-খাসির মাংসের বাড়তি দামে পুরো বাজারে স্বস্তি ফেরেনি বলে মনে করছেন ক্রেতা-বিক্রেতারা।
এসএ