বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের টেলিভিশন ও হোম অডিও সিস্টেম উন্মোচন করেছে জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। নতুন পণ্যের তালিকায় রয়েছে ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ফ্ল্যাগশিপ টিভি ব্রাভিয়া ৯ মার্ক টু (BRAVIA 9 II), গুগল টিভি ব্রাভিয়া ৩ মার্ক টু (BRAVIA 3 II) এবং ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো (BRAVIA Theatre Trio)।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে নতুন পণ্যগুলো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার হেড অব মার্কেটিং ইয়াপ ইয়াং। এ সময় সনি ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) লিমিটেডের বাংলাদেশ শাখার প্রধান জোশুয়া কুয়েক এবং আরএমডিসি সনি সাউথইস্ট এশিয়ার টিভি প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মাশচাভালিত কেমনুজসহ আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘরে বসেই সিনেমা হলের মতো ছবি ও শব্দের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে ‘সিনেমা ইজ কামিং হোম’ ভাবনায় তৈরি করা হয়েছে নতুন পণ্যগুলো। হলিউডের সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র নির্মাতা ও সাউন্ড ইঞ্জিনিয়ারদের পরামর্শে এগুলোতে যুক্ত করা হয়েছে উন্নত ছবি ও শব্দের প্রযুক্তি।
নতুন ফ্ল্যাগশিপ টিভি ব্রাভিয়া ৯ মার্ক টুতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ট্রু আরজিবি এলইডি প্রযুক্তি। এতে লাল, সবুজ ও নীল—তিনটি মৌলিক রঙের আলো আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায়। ফলে পর্দায় রঙ আরও উজ্জ্বল, জীবন্ত ও নিখুঁতভাবে ফুটে ওঠে। ৮৫ ও ১১৫ ইঞ্চি—দুই আকারে পাওয়া যাবে টিভিটি। ৮৫ ইঞ্চি মডেলে রয়েছে বিশেষ অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন, যা ঘরের উজ্জ্বল আলোতেও পর্দায় প্রতিফলন কমাতে সহায়তা করে। এতে আরও রয়েছে জেমিনি এআই-সমৃদ্ধ গুগল টিভি এবং সংলাপ স্পষ্টভাবে শোনার বিশেষ সাউন্ড প্রযুক্তি।
অন্যদিকে, তুলনামূলক বেশি ক্রেতার নাগালে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে আনা হয়েছে ব্রাভিয়া ৩ মার্ক টু সিরিজ। ৪৩ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত সাতটি আকারে পাওয়া যাবে এই টিভি। এতে রয়েছে সনির এক্সআর প্রসেসর, যা সাধারণ মানের ভিডিওর ছবির গুণগত মান উন্নত করে। সিনেমা দেখার পাশাপাশি খেলাধুলা ও ভিডিও গেম উপভোগের জন্য এতে যুক্ত করা হয়েছে হাই-স্পিড গেমিং সুবিধা। পাশাপাশি ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি ছবি ও শব্দের অভিজ্ঞতায় যোগ করবে বাড়তি মাত্রা।
টিভির সঙ্গে উন্নত শব্দের অভিজ্ঞতা দিতে সনি এনেছে ব্রাভিয়া থিয়েটার ট্রায়ো। এটি তিনটি স্পিকার নিয়ে তৈরি একটি ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম। বিশেষ প্রযুক্তির মাধ্যমে স্পিকারগুলো ঘরে ২৪টি স্পিকারের মতো চারপাশ থেকে শব্দ ছড়িয়ে দেওয়ার আবহ তৈরি করতে পারে। এতে থাকা ছোট মাইক্রোফোনের সাহায্যে ঘরের আকার ও পরিবেশ বুঝে স্বয়ংক্রিয়ভাবে সাউন্ড সেটিংস সমন্বয় করা যায়। এ ছাড়া সামঞ্জস্যপূর্ণ ব্রাভিয়া টিভির সঙ্গে সরাসরি ওয়্যারলেস সাবউফার যুক্ত করার সুবিধাও রয়েছে।
পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নতুন পণ্যগুলোতে। টিভির বডি ও রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়েছে পুনর্ব্যবহৃত প্লাস্টিক। পাশাপাশি সব বয়সী ব্যবহারকারীর সুবিধার কথা বিবেচনা করে রিমোটের বোতামগুলো করা হয়েছে আরও স্পষ্ট ও ব্যবহারবান্ধব।
বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর সনি স্মার্ট ও সনি র্যাংগসের শোরুমে পাওয়া যাবে নতুন টিভি ও অডিও সিস্টেমগুলো। পণ্যগুলোর দাম ও বিক্রির শুরুর তারিখ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
-টিএস